দেশের জনগণ চায় গুম আইনে যেসব ফাঁকফোকর বা ঘাটতি রয়েছে, তা পূরণ করে একটি শক্তিশালী আইন প্রণয়ন করা হোক বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তার চালকের সন্ধানের দাবিতে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশ একটি দুঃসময় অতিক্রম করে এখন সুসময়ের দিকে এগোচ্ছে। তবে এই সুসময় শুধু ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, বরং পুরো জাতির জন্য নিশ্চিত করতে হবে।
রিজভী বলেন, জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র এখনও বিদ্যমান। তবুও এখন অন্তত গ্রেফতার, গুম বা ক্রসফায়ারের ভয় কমেছে, এটাই সুসময়ের লক্ষণ।
সরকারের প্রতি শক্ত আইন প্রণয়নের আহ্বান জানিয়ে রিজভী বলেন, এমন আইন করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো সরকার গুমের মতো অমানবিক পন্থা ব্যবহার করতে না পারে এবং রাজনৈতিক প্রতিপক্ষকে গুম করার সুযোগ না পায়।
সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় আসার পর সরকার দ্রুত অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে। কৃষিঋণের সুদ মওকুফ, ফ্যামিলি কার্ড ও ফার্মারস কার্ড বিতরণসহ বিভিন্ন উদ্যোগ তার প্রমাণ।
বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।