দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে পাঁচ শিশু। এ নিয়ে হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে। আর সন্দেহজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১৫৬।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামসংক্রান্ত পরিস্থিতি বিষয়ে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় হামে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকায় হামের উপসর্গ নিয়ে চারজন এবং রাজশাহীতে একজনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭২১ জনে। সন্দেহজনক রোগীর সংখ্যা ১০ হাজার ৯৫৪। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ হাজার ৩৬৯ জন।