গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া খেলা ছাড়লেন রাশেদ দাড়িয়া (৩৫) নামে এক যুবক। প্রায় ১০ লাখ টাকার দেনা নিয়ে এখন তিনি হতাশায় বলে জানা গেছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুধ দিয়ে গোসলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে রাশেদকে দুধ রাখা অ্যালমিনিয়ামের একটি বড় ডেকচির (পাত্র) মধ্যে বসে পড়তে দেখা যায়। এরপর তার মা একটি মগ দিয়ে রাশেদের মাথায় দুধ ঢালে গোসল করিয়ে দিচ্ছে। ওই দৃশ্য রাশেদ তার মোবাইল ফোনে ধারণ করে নিজের ফেসবুকে পোস্ট করে। মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, রাশেদ দাড়িয়া কোটালীপাড়া পৌরসভার ঘাঘর কান্দা গ্রামের হাচেন দাড়িয়ার ছেলে। গতকাল শুক্রবার রাশেদ নিজ বাড়িতে ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুম্মার নামাজ পড়তে গিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।
রাশেদ বলেন, আমি গত দুই বছর ধরে অনলাইনে জুয়া খেলি। এই জুয়া খেলায় এ পর্যন্ত প্রায় ১০ লাখ টাকার দেনা হয়েছে। দেনার কারণে দীর্ঘদিন ধরে নানা ধরনের হতাশায় ভুগছিলাম। তারপর পরিবারের লোকজনের পরামর্শে আমি কাজের জন্য কয়েক দিনের মধ্যে সৌদি আরবে যাচ্ছি। তাই যাওয়ার আগে দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা ছাড়ার ঘোষণা দিলাম।
তিনি আরও বলেন, আমি সকল যুবক ভাইদের অনুরোধ করব, আপনারা এই সর্বনাশা জুয়া কেউ খেলবেন না। এই জুয়া খেলায় কেউই লাভবান হতে পারে না। সবাই ধ্বংস হয়।
এদিকে রাশেদের জুয়া খেলা থেকে ফিরে আসার জন্য অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী।
রাশেদের পাশের বাড়ির জলিল গাজী বলেন, রাশেদ জুয়া খেলে ধার-দেনা হয়ে দীর্ঘ দিন ধরে হতাশায় ভুগছিলেন। এখন জুয়া ছেড়ে দিয়ে সৌদি যাচ্ছে। আমরা তার মঙ্গল কামনা করছি।