শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

ক্যাম্বেলটাউনে মেয়রের আয়োজনে রমজানের ইফতার, অংশ নিলেন বিভিন্ন কমিউনিটির মানুষ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১২৫ Time View
30

সিডনির ক্যাম্বেলটাউনে পবিত্র মাহে রমজান উপলক্ষে স্থানীয় মুসলিম কমিউনিটির সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করেছে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় ক‍্যাম্বেলটাউনের সিভিক হলে অনুষ্ঠিত এই আয়োজনে বিভিন্ন কমিউনিটির মানুষ, জনপ্রতিনিধি এবং কমিউনিটি নেতারা অংশ নেন।

ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের মেয়র কাউন্সিলর ডার্সি লাউন্ডের উদ্যোগে আয়োজিত এই ইফতার ডিনারে স্থানীয় মুসলিম কমিউনিটির সদস্যদের পাশাপাশি বিভিন্ন কমিউনিটির মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, রমজানকে ঘিরে স্থানীয় মুসলিম কমিউনিটির সঙ্গে সংযোগ জোরদার করা এবং শহরের বহুসাংস্কৃতিক বাস্তবতাকে সম্মান জানাতেই এই আয়োজন।

অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান মেয়র ডার্সি লাউন্ড। এ সময় তার সঙ্গে ছিলেন কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ এবং কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশ।

সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র ডার্সি লাউন্ড বলেন, ক্যাম্বেলটাউন এমন একটি শহর যেখানে নানা সংস্কৃতি, ভাষা ও ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করছে। তিনি বলেন, রমজান মুসলিম সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ একটি সময়, আর এই সময়টিকে উপলক্ষ করে একসঙ্গে বসার সুযোগ তৈরি হওয়া কমিউনিটির মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়াতে সহায়ক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাকোয়ারি ফিল্ডস আসনের এমপি এবং নিউ সাউথ ওয়েলস সরকারের বেটার রেগুলেশন অ্যান্ড ফেয়ার ট্রেডিং, ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড এবং ইনোভেশন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ক মন্ত্রী অনুলাক চান্থিভং এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন হিউজেস আসনের ফেডারেল সংসদ সদস্য ডেভিড মনক্রিফ এমপি। স্থানীয় বিভিন্ন কমিউনিটি সংগঠনের প্রতিনিধি এবং বাংলাদেশি কমিউনিটির সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে শেখ রেদওয়ান রাফি রমজানের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন।

মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে উপস্থিত রোজাদাররা একসঙ্গে ইফতার করেন। পরে মাগরিবের নামাজ আদায় করা হয়। নামাজ শেষে অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category