পবিত্র মাহে রমজান উপলক্ষে অস্ট্রেলিয়ার গভর্নর-জেনারেল ও মিস্টার বেকেট–এর সহ-আয়োজনে এবং এসবিএস–এর সহযোগিতায় সিডনির কিরিবিলিতে অবস্থিত ঐতিহাসিক অ্যাডমিরালটি হাউস–এ এক বিশেষ রমজান ইফতার ডিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইমাম, রাব্বাই ও আর্চবিশপসহ বিভিন্ন ধর্মীয় নেতা, ফেডারেল ও অঙ্গরাজ্য পর্যায়ের মন্ত্রী, সিনেটর ও সংসদ সদস্য, এসবিএস বোর্ড ও নির্বাহী পরিষদের সদস্য এবং বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিসহ শতাধিক অতিথি অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে বক্তব্য রাখেন শেখ শাদি আলসুলেইমান—তিনি রমজানের আত্মসংযম, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের শিক্ষা তুলে ধরেন। তিনি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল–এর প্রতিনিধিত্ব করেন। পবিত্র কুরআন তিলাওয়াত ও আজান পরিবেশন করেন শেখ আকরাম বুখশ।
অনুষ্ঠানে এসবিএসের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিক পাপ্পাস বহুসাংস্কৃতিক অস্ট্রেলিয়ায় গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন। ধন্যবাদ জ্ঞাপন করেন সারা মানসুর এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সানায়ে ওহাইব।
গভর্নর-জেনারেল তাঁর বক্তব্যে অস্ট্রেলিয়ার বৈচিত্র্যময় সমাজে ঐক্যের শক্তি, পারস্পরিক সম্মান এবং অভিন্ন মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন। ইফতার ডিনারটি মুসলিম অস্ট্রেলিয়ানদের গুরুত্বপূর্ণ অবদান ও আন্তঃসম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অতিথিদের মাঝে গভীর অনুপ্রেরণা সৃষ্টি করে।