মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
পাকিস্তানের কোহাটে পুলিশের ভ্যানে হামলা, নিহত ৭ আন্তর্জাতিক বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার তাম্মী পারভেজের ‘দ্য স্টাইলিস্টা’র প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন ভারতের ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, নিহত ৭ চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে ৩ জনের মৃত্যু সিডনিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা ট্রাম্পের আরোপিত শুল্ক নেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র রেকর্ড গড়েই জিতল ওয়েস্ট ইন্ডিজ কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে নারী শিশুসহ দগ্ধ ৪ শিগগিরই ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ দেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী সিডনির ওয়ালিপার্কে বৈশাখী মেলা ১১ এপ্রিল

পাকিস্তানের কোহাটে পুলিশের ভ্যানে হামলা, নিহত ৭

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ Time View

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় পুলিশ ভ্যানে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শাকরদারা রোডের দুর্গম এলাকায় একটি পুলিশ মোবাইল ভ্যানে হামলা চালায় দুর্বৃত্তরা। পুলিশ জানায়, অতর্কিত গুলিবর্ষণে ঘটনাস্থলেই ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) আসাদ মেহমুদসহ তিন পুলিশ সদস্য নিহত হন।

হামলার সময় ভ্যানের পাশ দিয়ে যাওয়া দুই বেসামরিক ব্যক্তিও গুলিবিদ্ধ হন। পরে আহত তিন পুলিশ সদস্য ও এক বেসামরিক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে মৃতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়ায়।

আহত আরও তিন পুলিশ সদস্য ও এক বেসামরিক ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। হামলার পর সন্ত্রাসীরা পুলিশ ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছে পুলিশ।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি ডিএসপি আসাদ মেহমুদ ও নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁদের আত্মত্যাগ ও সাহসিকতার প্রশংসা করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, শহীদরা দেশের ভবিষ্যতের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন।

পাকিস্তানে সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী হামলা বেড়েছে, বিশেষ করে আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে। এর একদিন আগে করাক জেলার বদরখাইল এলাকায় আহত সদস্যদের বহনকারী একটি অ্যাম্বুলেন্সে হামলায় ফেডারেল কনস্ট্যাবুলারির তিন সদস্য নিহত হন।

এ ছাড়া খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলায় গোয়েন্দাভিত্তিক অভিযানে চারজন এবং বেলুচিস্তানের পিশিন জেলায় পৃথক অভিযানে পাঁচজন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন বলে নিরাপত্তা সূত্র জানিয়েছে।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতা নেওয়ার পর থেকে পাকিস্তানে সীমান্তপারের সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সম্প্রতি অভিযোগ করেন, ভারত ‘প্রক্সি যুদ্ধের’ মাধ্যমে পাকিস্তানে অস্থিরতা সৃষ্টি করছে।

সাম্প্রতিক আত্মঘাতী হামলার জেরে পাকিস্তান সীমান্তবর্তী আফগানিস্তানের নানগারহার, পাকতিকা ও খোস্ত প্রদেশে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় বিমান হামলা চালিয়েছে বলে নিরাপত্তা সূত্র জানিয়েছে। এসব হামলায় ৮০ জনের বেশি জঙ্গি নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

ইসলামাবাদ ও কাবুলের মধ্যে উত্তেজনাও বৃদ্ধি পেয়েছে। পাকিস্তান একাধিকবার আফগান তালেবান সরকারকে তাদের ভূখণ্ডে সক্রিয় জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। তবে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় দুই দেশের সম্পর্কে টানাপোড়েন অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category