মালয়েশিয়ার তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) ২২২ বাংলাদেশিকে গ্রেফতার করেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু করে অভিযানটি চলে বিকাল ৫টা পর্যন্ত।
ইমিগ্রেশন জেএইএমসহ, জনশক্তি বিভাগ (জেটিকে), জাতীয় নিবন্ধন (জেপিএন), নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ড (সিআইডিবি) এর ৬৪ জন কর্মকর্তা ও কর্মচারীরা এ অভিযানে অংশগ্রহণ করেন বলে জানা গেছে।
তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ নর গণমাধ্যমকে জানান, মোট ৩১৬ জন বিদেশিকে তল্লাশি করে ২২৬ জনকে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর অধীনে অপরাধ করার জন্য গ্রেফতার করা হয়। আটকদের মধ্যে বাংলাদেশি ২২২ জন, ইন্দোনেশিয়ার তিন জন ও একজন ভারতীয় নাগরিক রয়েছেন।
প্রাথমিকভাবে চিহ্নিত করা অপরাধগুলো হলো- অতিরিক্ত সময় ধরে বসবাস করা, ব্যক্তিগত নাথিপত্র না থাকা, ভিসার অপব্যবহার করা। ইমিগ্রেশন আইন ১৯৬৩ রেগুলেশনের ৩৯(বি) প্রবিধান এর মধ্যে পড়ে।
তিনি আরও জানান, ২০২৬ সালের জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ৪১৫ জন অনিবন্ধিত অভিবাসী কর্মীকে গ্রেফতার করেছে তেরেঙ্গানু ইমিগ্রেশন। যার মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভারত এবং নেপালের নাগরিক রয়েছে।
গ্রেফতারদের পরবর্তী পদক্ষেপের জন্য কুয়ালা বেরংয়ের আজিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।