শুক্রবার, ২২ মে ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

সৌদিতে আরও ৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ২ Time View

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কা ও মদিনায় আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত সর্বমোট ২১ বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করলেন। তাদের মধ্যে ১৫ পুরুষ এবং ৬ নারী।

শুক্রবার (২২ মে) সকালে মক্কার বাংলাদেশ হজ অফিস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

হজ অফিস সূত্রে জানা গেছে, নতুন করে মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে সুলতানা চৌধুরী (৭৯) নামে এক নারী মক্কায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন। বাকি দুজন মদিনায় স্বাভাবিকভাবে মারা গেছেন। তারা হলেন— সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বাসিন্দা মো. জাকির হোসেন (৬২) এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাসিন্দা মো. কামাল হোসাইন (৬১)।

এদিকে, সরকারি বুলেটিনের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত মোট ৭৭ হাজার ৪৩২ বাংলাদেশি হজযাত্রী নিরাপদ শরীরে সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭২ হাজার ৯৬৮ জন। মোট ১৯৯টি ফ্লাইটে তারা সৌদি আরবের জেদ্দা, মক্কা ও মদিনায় পৌঁছান।

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজিদের স্বাস্থ্য ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে আইটি ও হেল্পডেস্কের কার্যক্রম পুরোদমে চলছে। মক্কা ও মদিনায় স্থাপিত চিকিৎসাকেন্দ্র থেকে এখন পর্যন্ত ৪৩ হাজার ৪৪০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে হজযাত্রীদের বিভিন্ন ধরনের ২০ হাজার ২৮৮টি ডিজিটাল সেবা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৬ মে (মঙ্গলবার) পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা (আরাফাহর ময়দানে অবস্থান) অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category