বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

লিবিয়া থেকে আগামীকাল দেশে ফিরছেন ১৭২ বাংলাদেশি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১ Time View
লিবিয়ায় ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে থাকা আরও ১৭২ বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৬টায় বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। প্রত্যাবাসিত ব্যক্তিদের মধ্যে ১৮ জন শারীরিকভাবে অসুস্থ।
বুধবার (২৮ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের তথ্য অনুযায়ী, লিবিয়ার মিসরাতা শহর থেকে বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের মানবিক প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়েছে। বুরাক এয়ারের ইউজেড২২২ (UZ222) ফ্লাইটে বৃহস্পতিবার সকালে তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।
দূতাবাস জানিয়েছে, প্রত্যাবাসিত বাংলাদেশিরা ঝুঁকিপূর্ণ ও বিপদসংকুল পরিস্থিতি থেকে স্বেচ্ছায় দেশে ফিরছেন। লিবিয়ায় আটক এবং স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী বিপদগ্রস্ত বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরাতে দূতাবাস কাজ করছে।
লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ মিসরাতা শহরে প্রত্যাবাসনপ্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি অনিয়মিত পথে বিদেশ যাওয়ার ঝুঁকি ও এর ভয়াবহ পরিণতি সম্পর্কে তাদের সতর্ক করেন।
রাষ্ট্রদূত বলেন, অবৈধ পথে বিদেশযাত্রার শারীরিক, মানসিক, আর্থিক ও সামাজিক পরিণতি অত্যন্ত ভয়াবহ। বিপদে পড়া বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে দূতাবাস নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
দেশে ফিরে নতুনভাবে জীবন শুরু করতে প্রত্যাবাসিত বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রদূত। ভবিষ্যতে বিদেশে যাওয়ার ক্ষেত্রে বৈধ পথ অনুসরণের ওপর গুরুত্ব দেন তিনি।
একই সঙ্গে মানবপাচারকারী ও দালাল চক্রের প্রলোভন থেকে সতর্ক থাকার পরামর্শ দেন রাষ্ট্রদূত। এসব চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার পাশাপাশি অনিয়মিত অভিবাসনের বিপদ সম্পর্কে জনসচেতনতা তৈরিতেও ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
লিবিয়ায় বিপদগ্রস্ত বাংলাদেশিদের নিরাপদ ও মানবিক প্রত্যাবাসন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category