মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৭৪ বাংলাদেশি টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতি, ছাত্রলীগ-যুবলীগের ১৯ জন গ্রেফতার ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হলো আশরাফুলকে

লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৭৪ বাংলাদেশি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১ Time View
লিবিয়ায় আটক ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে থাকা আরও ১৭৪ বাংলাদেশিকে মানবিক সহায়তায় দেশে ফেরানো হয়েছে। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় সোমবার তাদের প্রত্যাবাসন করা হয়। দেশে ফেরার পথে থাকা এসব বাংলাদেশি মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বুরাক এয়ারের ইউজেড২২২ ফ্লাইটে মঙ্গলবার সকাল ৭টায় তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
প্রত্যাবাসিত ১৭৪ জনের মধ্যে ৩৬ জনকে সাগর থেকে আটকের পর ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে রাখা হয়েছিল। অন্য ১৩৮ জন লিবিয়ার রাজধানী ত্রিপোলির ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক পরিস্থিতি থেকে স্বেচ্ছায় দেশে ফেরার সিদ্ধান্ত নেন। দেশে ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ৪১ জন শারীরিকভাবে অসুস্থ।
লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ দূতাবাস প্রাঙ্গণে প্রত্যাবাসনের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি তাদের অনিয়মিত অভিবাসনের বিপদ সম্পর্কে সতর্ক করেন।
রাষ্ট্রদূত বলেন, অবৈধ পথে বিদেশে যাওয়ার কারণে অভিবাসীরা নানা ধরনের শারীরিক, মানসিক ও আর্থিক ক্ষতির মুখে পড়েন। এর নেতিবাচক প্রভাব তাদের পরিবারের পাশাপাশি সমাজেও পড়ে। তাই দেশে ফিরে নতুনভাবে জীবন শুরু করার পাশাপাশি ভবিষ্যতে বিদেশে যাওয়ার ক্ষেত্রে বৈধ অভিবাসনপথ অনুসরণের আহ্বান জানান তিনি।
এ ছাড়া মানবপাচারকারী ও দালাল চক্রের প্রতারণা থেকে অন্যদের সতর্ক করতে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখার অনুরোধ জানান রাষ্ট্রদূত। এসব অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি।
এদিকে লিবিয়া থেকে আরও বাংলাদেশিকে দেশে ফেরানোর উদ্যোগ অব্যাহত রয়েছে। আগামী ২৮ অক্টোবর দেশটির মিসরাতা শহর থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী আরও ১৭৫ বাংলাদেশিকে মানবিক সহায়তায় প্রত্যাবাসনের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশ দূতাবাস।
লিবিয়ায় অনিয়মিত অভিবাসন, আটক ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে থাকা বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার এ ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category