সৌদি আরবে সৃষ্ট সংকটের কারণে দেশটির বিমানবন্দরগুলোর কার্যক্রম সীমিত হয়ে পড়ায় বাংলাদেশ থেকে ওই রুটে ফ্লাইট চলাচল এখনো স্বাভাবিক হয়নি। এতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিচালিত ৩২টি সরাসরি ও ৫০টি ট্রানজিট ফ্লাইটের সূচি প্রভাবিত হয়েছে। সব মিলিয়ে ভোগান্তিতে পড়েছেন ১৩ হাজার ৭১ জন যাত্রী।
পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত ফ্লাইট ও যাত্রীর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ম্যানেজমেন্ট বিভাগের স্কোয়াড্রন লিডার সাকিব জানান, সূচি প্রভাবিত হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের পাঁচটি এবং রিয়াদ এয়ারওয়েজের সাতটি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, সালামএয়ারের চারটি, ইজিপ্টএয়ারের একটি, এমিরেটসের ১১টি, কাতার এয়ারওয়েজের ছয়টি এবং ফ্লাইদুবাইয়ের ছয়টি ফ্লাইটের যাত্রাসূচি ব্যাহত হয়েছে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোকে ফ্লাইটের সর্বশেষ অবস্থা সম্পর্কে যাত্রীদের নিয়মিত তথ্য জানানো এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশনা দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৌদি আরবের বিমানবন্দরগুলোর কার্যক্রম সীমিত থাকায় ফ্লাইট বাতিল, স্থগিত এবং সময়সূচিতে পরিবর্তন আনতে হচ্ছে। এতে যাত্রীদের দুর্ভোগ বাড়ছে। বিশেষ করে সৌদি আরবে যাওয়ার অপেক্ষায় থাকা এবং সেখান থেকে দেশে ফেরার পরিকল্পনা করা যাত্রীরা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
সংশ্লিষ্টদের আশঙ্কা, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে ফ্লাইট চলাচলে বিঘ্ন এবং যাত্রীদের ভোগান্তি আরও বাড়তে পারে।