বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সিডনিতে নেপালের বন্যায় নিহতদের স্মরণে বহুভাষিক কবিতা সন্ধ্যা সিডনিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সিডনিতে বাংলাদেশি কমিউনিটির বৃহৎ বহুসাংস্কৃতিক উৎসব ‘স্প্রিং ফেয়ার ২০২৬’ ১১ অক্টোবর মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য সংসদ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর মাসুদ খলিলের এমপি প্রার্থিতা ঘোষণা অস্ট্রেলিয়ার ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র মাসুদ চৌধুরীকে নাগরিক সংবর্ধনা দাবি না মানা পর্যন্ত এই লংমার্চ শেষ হবে না: গোলাম পরওয়ার হালান্ডের গোলে কোভেন্ট্রিকে হারিয়ে সিটির টানা ৩ জয় বিএনপি রাজপথে ছিল, গুপ্ত অবস্থায় কিছু করেনি : তারেক রহমান ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য সংসদ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর মাসুদ খলিলের এমপি প্রার্থিতা ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ Time View

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্য সংসদ নির্বাচনে ম্যাকুয়ারি ফিল্ডস আসনে এমপি প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর ও সাবেক ডেপুটি মেয়র মোহাম্মদ ইব্রাহিম খলিল মাসুদ।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিডনির মিন্টোস্থ রন মুর কমিউনিটি সেন্টারে আয়োজিত প্রার্থিতা ঘোষণা অনুষ্ঠানে কমিউনিটি ভয়েস অব অস্ট্রেলিয়ার প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে স্থানীয় কমিউনিটি নেতা, গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সমর্থক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে কান্ট্রি স্বীকৃতি প্রদান ও আদিবাসী নৃত্য পরিবেশন করা হয়। পরে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে মাসুদ খলিল তাঁর প্রার্থিতা ঘোষণা করে বক্তব্য দেন এবং স্থানীয় মানুষের সমস্যা, প্রত্যাশা ও অধিকার রাজ্য সংসদে আরও জোরালোভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ ইব্রাহিম খলিল মাসুদ দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার স্থানীয় সরকার ও বহুসাংস্কৃতিক কমিউনিটিতে সক্রিয়ভাবে কাজ করছেন। প্রায় তিন দশকের কমিউনিটি সেবার অভিজ্ঞতায় তিনি স্থানীয় পর্যায়ে নেতৃত্বের পাশাপাশি অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতেও নিজের অবস্থান তৈরি করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পাশাপাশি তিনি ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এবং অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটিতে অধ্যয়ন করেছেন।

ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ডেপুটি মেয়রের দায়িত্বও পালন করেছেন। ২০২৪ সালের স্থানীয় সরকার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পুনরায় কাউন্সিলর নির্বাচিত হন তিনি।

কোভিড-১৯ মহামারির কঠিন সময়ে সিডনিতে শিক্ষার্থী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্যসহায়তাসহ বিভিন্ন মানবিক উদ্যোগে তাঁর ভূমিকা প্রশংসিত হয়। কমিউনিটির জন্য এসব কাজের স্বীকৃতি হিসেবে তিনি সরকারি পর্যায় ও স্থানীয় কাউন্সিলের প্রশংসা ও স্বীকৃতিও পেয়েছেন।

ম্যাকুয়ারি ফিল্ডস আসনের ক্যাম্বেলটাউন, মিন্টো, ইংগেলবার্ন ও গ্লেনফিল্ডসহ বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি বসবাস করেন। ফলে এ আসনে একজন বাংলাদেশি বংশোদ্ভূত অভিজ্ঞ স্থানীয় সরকার নেতার প্রার্থিতা অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে বাংলাদেশি-অস্ট্রেলিয়ানদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

প্রার্থিতা ঘোষণার বক্তব্যে মাসুদ খলিল বলেন, তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় কমিউনিটির পাশে থেকে কাজ করছেন। রাজ্য সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলে মানুষের দৈনন্দিন সমস্যা, কমিউনিটির দাবি ও অধিকার আরও জোরালোভাবে তুলে ধরতে চান।

তিনি দল-মত ও কমিউনিটি পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবার সহযোগিতা, দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।

মাসুদ খলিলের নেতৃত্বে কাজ করা কমিউনিটি নেতাদের মতে, নতুন নেতৃত্ব তৈরি করা এবং বিভিন্ন সংস্কৃতি ও কমিউনিটির মানুষের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলা তাঁর নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য। কমিউনিটি ভয়েস অব অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা, সভাপতি ও চেয়ারপারসন হিসেবে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও কমিউনিটি কার্যক্রমে যুক্ত রয়েছেন।

ম্যাকুয়ারি ফিল্ডস আসনে প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার রাজ্য রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূত একজন অভিজ্ঞ স্থানীয় সরকার নেতার নতুন রাজনৈতিক যাত্রা শুরু হলো। তাঁর প্রার্থিতা অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা বাংলাদেশি-অস্ট্রেলিয়ানদের মূলধারার রাজনীতিতে আরও সক্রিয় অংশগ্রহণের সম্ভাবনাকেও সামনে নিয়ে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category