অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর মাসুদ চৌধুরীকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) ক্যাম্পবেলটাউন সিটি সেন্টারে আয়োজিত ‘সিভিক ফেলিসিটেশন সেরিমনি’তে তাঁকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও কমিউনিটি সংগঠনের প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
এর আগে ১ সেপ্টেম্বর কাউন্সিলরদের ভোটে প্রথমবারের মতো ডেপুটি মেয়র নির্বাচিত হন মাসুদ চৌধুরী। একই সভায় কাউন্সিলর ডার্সি লাউন্ড বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় মেয়র নির্বাচিত হন। ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের সরকারি তথ্যেও মাসুদ চৌধুরীর ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কাউন্সিলর হিসেবে দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের প্রতিনিধিত্ব করে আসছেন মাসুদ চৌধুরী। নতুন দায়িত্বে তিনি নগর উন্নয়ন, আবাসন, কমিউনিটি সেবা এবং স্থানীয় নীতিনির্ধারণী কার্যক্রমে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ পাবেন।
মাসুদ চৌধুরীর এই অর্জনকে অস্ট্রেলিয়ার স্থানীয় সরকার ব্যবস্থায় বাংলাদেশি বংশোদ্ভূতদের অংশগ্রহণের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা। তাঁর ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ার খবরে সিডনির বাংলাদেশি কমিউনিটিতে আনন্দ ও উৎসাহ সৃষ্টি হয়েছে।
কমিউনিটির প্রতিনিধিদের মতে, মাসুদ চৌধুরীর এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতি ও স্থানীয় প্রশাসনে বাংলাদেশি-অস্ট্রেলিয়ানদের ক্রমবর্ধমান অংশগ্রহণেরও প্রতিফলন।
ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি স্থানীয় বাসিন্দাদের প্রয়োজন ও কমিউনিটির প্রত্যাশা কাউন্সিলের কার্যক্রমে আরও কার্যকরভাবে তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। তাঁর এই সাফল্য ভবিষ্যতে আরও বাংলাদেশি-অস্ট্রেলিয়ানকে স্থানীয় নেতৃত্ব ও জনপ্রতিনিধিত্বে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে বলেও মনে করছেন কমিউনিটির নেতারা।
ছবি ও তথ্য: টিম প্রেস অস্ট্রেলিয়া
(বাংলাদেশি অস্ট্রেলিয়ান জার্নালিস্ট গ্রুপ)