নেপালে সাম্প্রতিক আকস্মিক বন্যায় প্রাণ হারানো মানুষের স্মরণে সিডনিতে অনুষ্ঠিত হয়েছে বহুভাষিক কবিতা সন্ধ্যা “Voices for Nepal — Poetry of Solidarity and Hope”। শোক, সংহতি ও মানবিকতার বার্তা নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষের মিলন ঘটে এক অভিন্ন মানবিক অনুভূতিতে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে সিডনির গ্লেনউড হাবে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটির কবি, সংগঠক, জনপ্রতিনিধি ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেন। মূল আয়োজনে ছিল ওয়াসি ও আন্তর্জাতিক নেপালি সাহিত্য সংস্থা। তাদের সঙ্গে আয়োজনে সহযোগিতা করে সিডনির বিভিন্ন কমিউনিটি সংগঠন। বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্বকারী সংগঠন এবি স্ট্রিট লাইব্রেরি ছিল সহযোগী সংগঠনগুলোর অন্যতম।
বিকেল ৪টায় শুরু হওয়া অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান সৌরভ, ভাবনা, আব্বাস ও ফসিহ্। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিজ্ঞা অধিকারী ও তৌফিক।
অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ওয়াসির প্রেসিডেন্ট এবং ইন্ডিয়ান ক্রিসেন্ট সোসাইটি অব অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট আব্বাস রেজা আলভী। তিনি দুঃখ ও দুর্যোগের সময়ে মানবিকতার কোনো সীমানা থাকে না উল্লেখ করে বিভিন্ন কমিউনিটির মানুষের পারস্পরিক সহমর্মিতা ও সংহতির গুরুত্ব তুলে ধরেন। আন্তর্জাতিক নেপালি সাহিত্য সংস্থার পক্ষ থেকে বক্তব্য দেন ভাবনা পরাজুলি।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, ব্ল্যাকটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মোহিত কুমার, সুসাই বেঞ্জামিন এবং মনিন্দর সিং।
এরপর শুরু হয় বহুভাষিক কবিতা পাঠের পর্ব। বিভিন্ন ভাষায় কবিরা তাঁদের মাতৃভাষায় কবিতা পাঠ করেন। নেপালি ভাষায় কবিতা পাঠ করেন শ্বেতা মৈনালী ও নিস্প্রভ সাজি, হিন্দিতে পঙ্কজ উপাধ্যায়, উর্দুতে বিরাট নেহেরু, তেলুগুতে শান্তি রামন, ভুটানি ভাষায় নাগেন্দ্র ভট্টরাই, পাঞ্জাবিতে গগন দ্বীপ সিং ও হ্যারি ওয়ালিয়া এবং বাংলায় কবিতা পাঠ করেন ফয়জুন নাহার পলি।
ভাষা ছিল ভিন্ন, সংস্কৃতি ছিল আলাদা, কিন্তু কবিতার প্রতিটি উচ্চারণে ফুটে ওঠে একই অনুভূতি। নেপালের বন্যায় নিহতদের প্রতি গভীর শোক, তাঁদের পরিবারের প্রতি সহমর্মিতা এবং বিপদের সময়ে একে অপরের পাশে থাকার অঙ্গীকারই হয়ে ওঠে সন্ধ্যার মূল বার্তা।
অনুষ্ঠানের পর বিভিন্ন কমিউনিটি সংগঠনের প্রতিনিধিরা তাঁদের বক্তব্য তুলে ধরেন। বাংলাদেশি কমিউনিটির পক্ষে বক্তব্য রাখেন এবি স্ট্রিট লাইব্রেরির সভাপতি কামাল পাশা। এছাড়া অ্যাসোসিয়েশন অব ভুটানিজ ইন অস্ট্রেলিয়ার পক্ষে সুমন ছেত্রী, ব্ল্যাকটাউন নেপালি কমিউনিটির প্রকৃতি শ্রেষ্ঠ, হারমান ফাউন্ডেশনের হরিন্দর কউর, ইন্ডিয়ান ক্রিসেন্ট সোসাইটির ফসিহ উদ্দিন খান, জয় ভীম সংগঠনের পরাগ ভগত, এমসিসি এনএসডব্লিউর মার্ক ফ্র্যাংকলিন, ফিলিপিনো-অস্ট্রেলিয়ান মাল্টিকালচারাল অ্যাসোসিয়েশনের রোনা গুজমান, শ্রীলঙ্কান-অস্ট্রেলিয়ান কমিউনিটির নালিকা পদ্মাসেনা এবং ইউনাইটেড ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের সতীশ ভাদ্রনা বক্তব্য দেন।
বক্তারা তাঁদের সংক্ষিপ্ত বক্তব্যে নেপালের বন্যায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে বহুসাংস্কৃতিক অস্ট্রেলিয়ায় বিভিন্ন কমিউনিটির পারস্পরিক সহযোগিতা, মানবিক মূল্যবোধ ও সংহতির গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষপর্বে নেপালের বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় তহবিল সংগ্রহের উদ্যোগ পরিচালনা করেন প্রতিজ্ঞা ও সৌরভ। এরপর সমাপনী বক্তব্য, পোস্টার উন্মোচন এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান সৌরভ শ্রেষ্ঠ।
সবশেষে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রদীপের আলোয় শোককে শক্তিতে রূপান্তর এবং মানবিক সংহতির বার্তাই যেন প্রতিধ্বনিত হয় পুরো আয়োজনজুড়ে।
ছবি:কামাল পাশা
তথ্য: টিম প্রেস অস্ট্রেলিয়া
(বাংলাদেশি অস্ট্রেলিয়ান জার্নালিস্ট গ্রুপ)