অস্ট্রেলিয়ার সিডনির ম্যাককুয়ারি ফিল্ডসে পুরুষদের মানসিক স্বাস্থ্য ও সার্বিক সুস্থতা নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘মি. পারফেক্ট ম্যাককুয়ারি ফিল্ডস’–এর মাসিক বারবিকিউ আয়োজন। রোববার (৩০ আগস্ট) ম্যাককুয়ারি রোড রিজার্ভে অনুষ্ঠিত এ আয়োজনে প্রায় ৪০ জন পুরুষ অংশ নেন।
চমৎকার আবহাওয়ার মধ্যে আয়োজনে বেশ কয়েকজন নতুন সদস্যও যোগ দেন। বিনামূল্যের বারবিকিউকে কেন্দ্র করে অংশগ্রহণকারীরা পরস্পরের সঙ্গে পরিচিত হন, বন্ধুত্ব গড়ে তোলেন এবং জীবন ও দৈনন্দিন নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন।
অনুষ্ঠানের আয়োজকেরা ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের মেয়র ডারসি লাউন্ডকে বিশেষভাবে ধন্যবাদ জানান। তিনি এদিনের বারবিকিউ আয়োজনের জন্য মাংস সরবরাহসহ সার্বিক সহযোগিতা করেন।
এ ছাড়া ইঙ্গলবার্নের ৭-ইলেভেনের মালিক সাত্তার খাজাকে নিয়মিতভাবে অংশগ্রহণকারীদের জন্য ক্রিসপি ক্রিম ডোনাট সরবরাহ করায় কৃতজ্ঞতা জানানো হয়।
‘মি. পারফেক্ট’ পুরুষদের জন্য একটি বন্ধুত্বপূর্ণ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করতে কাজ করে, যেখানে তারা মানসিক স্বাস্থ্য, পরিবার, কর্মজীবন, সম্পর্ক ও জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে খোলামেলা কথা বলতে পারেন। সংগঠনটির অন্যতম লক্ষ্য হলো পুরুষদের মধ্যে সামাজিক যোগাযোগ বাড়ানো এবং একাকিত্ব কমাতে পারস্পরিক সহযোগিতার পরিবেশ তৈরি করা।
আয়োজকেরা বলেন, নিয়মিত এ ধরনের আয়োজনের মাধ্যমে পুরুষদের একত্রিত হওয়ার, নিজেদের কথা বলার এবং একে অপরের পাশে দাঁড়ানোর সুযোগ তৈরি হচ্ছে। মানসিক সুস্থতার জন্য নিজের অনুভূতি ও সমস্যাগুলো নিয়ে কথা বলা গুরুত্বপূর্ণ। বন্ধুত্বপূর্ণ পরিবেশে নিয়মিত যোগাযোগ অনেক পুরুষকে জীবনের কঠিন সময় মোকাবিলায় সহায়তা করতে পারে।
ম্যাককুয়ারি ফিল্ডসে ‘মি. পারফেক্ট’–এর এই মাসিক আয়োজন প্রতি মাসের শেষ রোববার অনুষ্ঠিত হয়। আগামী ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে শাখাটির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন। সেদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ম্যাককুয়ারি রোড রিজার্ভে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
আয়োজকেরা বর্ষপূর্তি অনুষ্ঠানে নতুন ও পুরোনো সদস্যসহ আরও বেশি পুরুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তাদের মূল বার্তা, ‘জীবনের পথ কোনো পুরুষকেই একা পাড়ি দিতে হবে না।’
অনুষ্ঠানে ‘মি. পারফেক্ট ম্যাককুয়ারি ফিল্ডস’–এর সংশ্লিষ্ট আয়োজক ও স্বেচ্ছাসেবকদের মধ্যে লেই নিনহাম, মো. শফিকুল আলম, ওয়ারেন স্মল ও গ্লেন কসারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ছবি: এএইচএম মাসুম বিল্লাহ
তথ্যসূত্র: টিম প্রেস অস্ট্রেলিয়া (বাংলাদেশি অস্ট্রেলিয়ান জার্নালিস্টস গ্রুপ)