রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

নেপালের দুর্যোগে সংহতি, সিডনিতে ‘স্ট্যান্ড উইথ নেপাল’ কর্মসূচি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১ Time View

নেপালে ভয়াবহ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সংহতি ও সহমর্মিতা জানিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে ‘স্ট্যান্ড উইথ নেপাল’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫টায় সিডনির নিউ সাউথ ওয়েলসের বারদিয়ার ম্যাক্সওয়েল পার্কে এডমন্ডসন পার্ক ও বারদিয়া এলাকার নেপালি কমিউনিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে মোমবাতি প্রজ্বালন, প্রার্থনা ও সংহতি প্রকাশের মাধ্যমে নেপালের দুর্গত মানুষের পাশে থাকার বার্তা দেওয়া হয়। এ সময় নেপালের সাম্প্রতিক দুর্যোগে নিহতদের স্মরণ, আহতদের দ্রুত সুস্থতা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা ও স্বস্তির জন্য প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে কমিউনিটি ভয়েস অব অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, কমিউনিটি ভয়েস অব অস্ট্রেলিয়া লিভারপুল শাখার সভাপতি ডেব বি. গুরুং জেপি এবং সাধারণ সম্পাদক সৈয়দা ইশরাত সুলতানা উপস্থিত ছিলেন।

এ সময় ইব্রাহিম খলিল মাসুদ ও ডেব গুরুংসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা বক্তব্য দেন। বক্তারা নেপালের মানুষের প্রতি গভীর সহমর্মিতা জানিয়ে বলেন, ভৌগোলিক দূরত্ব মানবিক সম্পর্ক ও সহমর্মিতার পথে বাধা হতে পারে না। দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়।

বক্তারা নেপালের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রার্থনার পাশাপাশি দুর্গত এলাকায় সরাসরি কাজ করছে এমন বৈধ ও যাচাই করা ত্রাণ কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানান।

কমিউনিটি ভয়েস অব অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বলা হয়, অস্ট্রেলিয়ায় বসবাসরত নেপালি কমিউনিটি এবং নেপালের জনগণের পাশে তারা রয়েছে। সংগঠনটি দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবার জন্য শক্তি, সুস্থতা, শান্তি ও দ্রুত পুনরুদ্ধার কামনা করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘নেপাল একা নয়। আমরা নেপালের পাশে আছি, নেপালের জন্য প্রার্থনা করছি এবং ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের জন্য শক্তি ও শান্তি কামনা করছি।’

মানবিক সংহতির এ কর্মসূচিতে স্থানীয় নেপালি কমিউনিটির পাশাপাশি বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিরাও অংশ নেন।

ছবি: সৈয়দা ইশরাত সুলতানা
তথ্যসূত্র: টিম প্রেস অস্ট্রেলিয়া (বাংলাদেশি অস্ট্রেলিয়ান জার্নালিস্টস গ্রুপ)

Please Share This Post in Your Social Media

More News Of This Category