নিউ সাউথ ওয়েলসের লাকেম্বায় বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কমিউনিটির অন্যতম বৃহৎ জনকল্যাণমূলক আয়োজন ‘গুড মর্নিং বাংলাদেশ লাকেম্বা’ অনুষ্ঠিত হয়েছে। ক্যানসার কাউন্সিল এনএসডব্লিউ-এর জন্য তহবিল সংগ্রহকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠানটি শুধু দাতব্য কর্মকাণ্ডেই সীমাবদ্ধ ছিল না; বরং সামাজিক দায়িত্ববোধ, মানবিক সহমর্মিতা এবং বহুসাংস্কৃতিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্তও তুলে ধরে।
রোববার (১২ জুলাই) পেরি পার্কের অস্ট্রেলিয়ান ন্যাশনাল স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ১৮তম বার্ষিক এই আয়োজনে বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক সদস্যের পাশাপাশি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার Chris Minns। তিনি বাংলাদেশি কমিউনিটির দীর্ঘদিনের মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, ক্যানসার আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে এবং গবেষণায় সহায়তা করতে এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। একই সঙ্গে এটি বিভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করে।
বিশেষ অতিথি Mark Coure MP, শ্যাডো মিনিস্টার ফর মাল্টিকালচারালিজম, তার বক্তব্যে বলেন, অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক সমাজকে সমৃদ্ধ করতে বাংলাদেশি কমিউনিটির অবদান উল্লেখযোগ্য। তিনি ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাবিত ইবনে মাহমুদ। পুরো অনুষ্ঠান প্রাণবন্তভাবে উপস্থাপনা করেন উষা হান্নান এবং সহ-উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন অর্থোরা হায়াত।
স্বাগত বক্তব্যে আয়োজক ফারুক হান্নান জানান, গত ২৫ বছরে ‘গুড মর্নিং বাংলাদেশ’ উদ্যোগের মাধ্যমে ক্যানসার কাউন্সিল এনএসডব্লিউ-এর জন্য ৪ লাখ ৮৩ হাজার অস্ট্রেলিয়ান ডলারেরও বেশি অর্থ সংগ্রহ করা হয়েছে। এই অর্থ ক্যানসার গবেষণা, রোগীদের সহায়তা এবং সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচিতে ব্যয় করা হয়েছে। তিনি বলেন, কমিউনিটির সহযোগিতায় ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
ফোরাম ফর কমিউনিটি এনগেজমেন্টের সভাপতি ও ‘গুড মর্নিং বাংলাদেশ’-এর সহ-প্রতিষ্ঠাতা ডা. আয়াজ চৌধুরী বলেন, একটি শক্তিশালী কমিউনিটির পরিচয় হলো মানুষের প্রয়োজনে এগিয়ে আসা। স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং জনকল্যাণমূলক উদ্যোগ সমাজকে আরও মানবিক ও দায়িত্বশীল করে তোলে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর বারবারা কুরি, ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর আশিকুর (অ্যাশ) রহমান, সাবেক কাউন্সিলর সাবরিনা ফারুকী OAM, তানভীর শহীদ, রুবাইয়াত হক শাথী, এনামুল হক, ডা. রফিকুর রহমান, ইউনুস মণ্ডল, সাংবাদিক মোহাম্মদ আবদুল মতিন, সাংবাদিক এএইচএম মাসুম বিল্লাহ, ডিন গিলেসপি, জামিল হোসেন, অ্যানি জাহান, ময়না হক, লিয়াকত আলী শাপণ, শফিক আলম, মাসুদ রানা, ফয়সাল মুরাদ, ডা. আবদুল ওয়াহাব, বীর মুক্তিযোদ্ধা আপেল মাহমুদ, ধীদার জাফরসহ কমিউনিটির বিভিন্ন স্তরের প্রতিনিধিরা।