দেশে হাম ও হামের উপসর্গের প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দেশে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৩২ জন এই রোগে আক্রান্ত হয়েছেন।
শনিবার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বুলেটিন ও প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ শিশুর মধ্যে ২ জন ঢাকা বিভাগের এবং ১ জন সিলেট বিভাগের। নতুন করে আক্রান্ত হওয়া ১ হাজার ৩২ জনসহ চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৭৭ হাজার ৭৯১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬৩ হাজার ১৩৪ শিশু। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৮ হাজার ৯৬৪ জন। তবে এই সময়ের মধ্যে ৯ হাজার ৬২০ শিশুর শরীরে ল্যাব পরীক্ষার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হাম শনাক্ত হয়েছে।
ভয়াবহ এই প্রাদুর্ভাবে মৃত্যুর সংখ্যাও প্রতিনিয়ত বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে হামের উপসর্গে মারা গেছে ৫২২ শিশু। এ ছাড়া ল্যাব টেস্টে হাম শনাক্ত হওয়ার পর নিশ্চিতভাবে মারা গেছে আরও ৯১ জন। সব মিলিয়ে এই আড়াই মাসে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৬১৩ শিশুর মৃত্যু হলো।
বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে হামের এই আকস্মিক প্রকোপ ঠেকাতে টিকাদান কর্মসূচি আরও জোরদার করা এবং উপসর্গ দেখা দেওয়ার সাথে সাথেই চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর মাঠপর্যায়ে নজরদারি ও সচেতনতা বাড়ানোর কার্যক্রম অব্যাহত রেখেছে।