কর্মব্যস্ত জীবনের পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্য নিয়ে গঠিত অ্যালায়েন্স কমিউনিটি ক্লাব (ACC)-এর গ্রীষ্মকালীন ক্রিকেট টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে আগামী ১০ অক্টোবর, শনিবার।
ক্লাবের সভাপতি গাজী আতিকুর রহমান এবং সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ইকরামুল খান এক বিবৃতিতে জানান, কর্মমুখী ও সমমনা একদল যুবকের উদ্যোগে স্বাস্থ্যসচেতন জীবনযাপন এবং পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যেই অ্যালায়েন্স কমিউনিটি ক্লাবের যাত্রা শুরু। এটি ক্লাবটির দ্বিতীয় বড় ক্রীড়া আয়োজন।
বর্তমানে ক্লাবটির সদস্যসংখ্যা প্রায় শতাধিক। সদস্যদের মধ্য থেকে খেলোয়াড় নির্বাচন করে এবারের টুর্নামেন্টে মোট চারটি দল অংশগ্রহণ করবে। দলগুলো হলো— ব্রহ্মপুত্র, মেঘনা, যমুনা ও পদ্মা।
ক্লাব কর্তৃপক্ষ জানান, নদীমাতৃক বাংলাদেশের ঐতিহ্য ও আবেগকে ধারণ করেই দলগুলোর নামকরণ করা হয়েছে। মাসব্যাপী এই আয়োজনের প্রতিটি ম্যাচকে শুধু ক্রিকেট প্রতিযোগিতা হিসেবে নয়, বরং সদস্য ও তাদের পরিবারের অংশগ্রহণে একটি আনন্দঘন ও উৎসবমুখর মিলনমেলা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
ক্লাবের অন্যতম প্রধান লক্ষ্য হলো সদস্যদের পাশাপাশি তাঁদের পরিবারের মধ্যেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক বন্ধন গড়ে তোলা। এ কারণে দিনব্যাপী খেলাগুলোতে পরিবারের সদস্যদের অংশগ্রহণ ও উপস্থিতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
ক্লাবের সিনিয়র উপদেষ্টা আসলাম মোল্লা জানান, এটি একটি টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট, যা মূলত শনিবার ও রবিবার অনুষ্ঠিত হবে। মাসব্যাপী প্রতিযোগিতার প্রধান ভেন্যু হিসেবে বার্ডিয়ার ম্যাক্সওয়েল ক্রিক ওভালকে নির্ধারণ করা হয়েছে।
টুর্নামেন্ট শেষে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে একটি জাঁকজমকপূর্ণ গালা ডিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও জানান তিনি।
ক্লাবের অন্যতম উপদেষ্টা মোহাম্মদ জিয়াউল কবির জীহন টুর্নামেন্টের সবগুলো আয়োজনে আগ্রহী দর্শক ও কমিউনিটির সদস্যদের উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন। একই সঙ্গে অ্যালায়েন্স কমিউনিটি ক্লাবের ভবিষ্যৎ পথচলায় সবার সহযোগিতা ও পাশে থাকার আহ্বান জানান তিনি।
ক্লাব সংশ্লিষ্টরা আশা করছেন, এই আয়োজনের মধ্য দিয়ে খেলাধুলার পাশাপাশি কমিউনিটির মানুষের মধ্যে পারস্পরিক পরিচয়, বন্ধুত্ব ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে।
ছবি ও তথ্য: অ্যালায়েন্স কমিউনিটি ক্লাব
নিউজ: টিম প্রেস অস্ট্রেলিয়া (বাংলাদেশি অস্ট্রেলিয়ান জার্নালিস্টস গ্রুপ)