বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে সিডনিতে বাংলাদেশ মেডিকেল সোসাইটির সচেতনতামূলক কর্মসূচি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৯ Time View

সিডনিতে বাংলাদেশি চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল সোসাইটি, এনএসডব্লিউ (বিএমএস)-এর উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের পরিবারের প্রতি সচেতনতা বৃদ্ধি এবং সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিতে ‘কমিউনিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) গ্লেনউড কমিউনিটি হলে আয়োজিত এ অনুষ্ঠানে সিডনির বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে দিনব্যাপী আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
দুপুরে ডাঃ ফাহিমা সাত্তার-এর সাবলীল উপস্থাপনায় মূল আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। আয়োজনের উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, এই সচেতনতামূলক আলোচনা বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের পরিবারের বাস্তব চ্যালেঞ্জ সম্পর্কে কমিউনিটির মধ্যে আরও গভীর উপলব্ধি তৈরি করবে। পাশাপাশি প্রয়োজনীয় সহায়তা পাওয়ার বিভিন্ন পথ সম্পর্কেও ধারণা দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবারের অভিজ্ঞতা
কমিউনিটি অ্যাওয়ারনেস সেশনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মায়েরা নিজেদের অভিজ্ঞতা ও বাস্তব জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন। বক্তব্য দেন নুদরাত লোহানী, সুহানি নিশা ও ডাঃ জেসি চৌধুরী।
আলোচনায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবার, মানসিক স্বাস্থ্য এবং তাদের জন্য প্রয়োজনীয় সহায়তা ব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক উঠে আসে। সংশ্লিষ্ট ক্ষেত্রের অভিজ্ঞ ব্যক্তিরা এসব বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেন।
পরামর্শমূলক বক্তব্য দেন প্র্যাকটিসিং সাইকিয়াট্রিস্ট ডাঃ শামা পারভীন। এনডিআইএস সাপোর্ট সার্ভিসের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন ডাঃ হাবিব সিরাজী ও ডাঃ নাসরীন জাহান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Warren Kirby MP, Member for Riverstone। আয়োজনের প্রশংসা করে তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের পরিবারের বিষয়ে সমাজকে আরও সচেতন ও সহনশীল হতে হবে।
বাংলাদেশের অটিজম কল্যাণে ৫ হাজার ডলারের সহায়তা
বাংলাদেশের অটিজম কল্যাণে সহায়তার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠান থেকে সংগৃহীত অর্থের একটি অংশ দিয়ে বাংলাদেশের Hope Autism Welfare Society Bangladesh-কে ৫ হাজার অস্ট্রেলিয়ান ডলারের একটি চেক প্রদান করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির মধ্যে সহযোগিতার সেতুবন্ধন আরও শক্তিশালী করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
কমিউনিটির অংশগ্রহণ ও সহায়তা
অনুষ্ঠানে বিএমএসের প্রেসিডেন্ট ডাঃ মেহেদী ফারহান এবং জেনারেল সেক্রেটারি ডাঃ রোকেয়া ফকির কেয়া বক্তব্য রাখেন।
তারা বলেন, কমিউনিটির মানুষের পারস্পরিক যোগাযোগ ও অংশগ্রহণের পাশাপাশি একটি মহৎ উদ্দেশ্যে সহায়তা সংগ্রহই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে কমিউনিটির সবাইকে আরও এগিয়ে আসার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনায় সহায়তা করেন ডাঃ মীর জাহান মাজু, ডাঃ ইমন ও ডাঃ পারভেজ প্রমুখ।
বাংলাদেশ মেডিকেল সোসাইটি, এনএসডব্লিউ-এর পক্ষ থেকে অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথি, চিকিৎসক, কমিউনিটি নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
ছিল বিভিন্ন স্টল ও খাবারের আয়োজন
সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির ইনডোর ও আউটডোর গাছের স্টল, জুয়েলারি এবং একাধিক বুটিক স্টল ছিল। অতিথিদের জন্য সকালের নাশতা, পিঠা, বিভিন্ন ধরনের স্ন্যাকস এবং দুপুরের খাবারেরও ব্যবস্থা করা হয়।
বিএমএসের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি একটি মানবিক উদ্যোগে অংশ নেওয়ার সুযোগ হিসেবে ‘কমিউনিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম’টি কমিউনিটির জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।
আয়োজকদের মতে, অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটি ভবিষ্যতে বাংলাদেশের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণে সহযোগিতার হাত আরও শক্তিশালী করতে এগিয়ে আসবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category