সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :

আজ থেকে পুনরায় শুরু চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২ Time View

বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে প্রায় তিন সপ্তাহ বন্ধ থাকার পর আজ সোমবার (২৭ জুলাই) থেকে পুনরায় শুরু হচ্ছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা। এর মাধ্যমে প্রায় তিন সপ্তাহ পর পরীক্ষার হলে ফিরছে এ বোর্ডের পরীক্ষার্থীরা। একই দিনে দেশের অন্য নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডেও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ সকাল ১০টা থেকে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকেলে রয়েছে খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা।

অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষার্থীরা ইসলামের ইতিহাস, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র (তত্ত্বীয়) এবং তাজভিদ দ্বিতীয় পত্র (মুজাব্বিদ মাহির বিভাগ) পরীক্ষায় অংশ নেবেন। কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি) পরীক্ষায় অনুষ্ঠিত হবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট-১ বিষয়ের পরীক্ষা।

বন্যা–পরবর্তী পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকার অবস্থা, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা এবং যোগাযোগব্যবস্থার দুর্ভোগ বিবেচনায় গত ১৬ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা স্থগিত করা হয়েছিল। একই সিদ্ধান্তে আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্সের অবশিষ্ট পরীক্ষাও স্থগিত হয়।

পরিস্থিতির উন্নতি হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ঘোষণা দেন, ২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষা পুনরায় শুরু হবে। ফলে পরীক্ষার্থীরা এখন থেকে বিদ্যমান রুটিন অনুযায়ী অবশিষ্ট পরীক্ষায় অংশ নেবেন। তবে স্থগিতাদেশের আগে অনুষ্ঠিত পরীক্ষাগুলো পরবর্তী সময়ে নতুন সময়সূচি প্রকাশ করে নেওয়া হবে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষার্থী ৯৯ হাজার ৬৮৮ জন, যারা ১১৪টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন। দেশের মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category