মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৬ Time View
২০২৭ সালের এপ্রিলে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের বর্ধিতাংশ চালুর লক্ষ্য নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬)-এর প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল ওহাব জানিয়েছেন, এর আগে ২০২৭ সালের জানুয়ারি থেকে খালি ট্রেন চালিয়ে পরীক্ষামূলক চলাচল শুরু হবে।
তিনি জানান, যাত্রীসেবা শেষ হওয়ার পর রাতের বেলায় উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত পুরো রুটে পরীক্ষামূলক ট্রেন চলবে। এই কার্যক্রমের মাধ্যমে সিগন্যালিং, বিদ্যুৎ ব্যবস্থা এবং সার্বিক পরিচালন সক্ষমতা যাচাই করা হবে।
প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ১ দশমিক ১৬ কিলোমিটার দীর্ঘ সম্প্রসারণ অংশের প্রায় ৭৭ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। কমলাপুর স্টেশনের ভায়াডাক্ট, রেল ট্র্যাক এবং মূল কাঠামোর নির্মাণ সম্পন্ন হওয়ার পর বর্তমানে স্থাপত্য, প্রবেশ ও বহির্গমন পথ এবং অভ্যন্তরীণ অবকাঠামোর কাজ চলছে।
কর্মকর্তারা জানান, কমলাপুর স্টেশনের স্বয়ংক্রিয় দরজা, সিগন্যালিং ব্যবস্থা ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম শিগগিরই স্থাপন করা হবে। আগামী দুই মাসের মধ্যে ট্র্যাক বসানোর কাজও শেষ হওয়ার আশা করা হচ্ছে।
এছাড়া স্টেশনের টাইলস বসানো, কাচ স্থাপন, রঙের কাজ এবং অন্যান্য ফিনিশিং কার্যক্রম চলমান রয়েছে। উত্তরা নির্মাণ ইয়ার্ডে প্রয়োজনীয় প্রিকাস্ট সেগমেন্ট তৈরির কাজও অগ্রসর হচ্ছে।
বর্তমানে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে। নতুন এই ১.১৬ কিলোমিটার সম্প্রসারণ চালু হলে লাইন-৬-এর মোট দৈর্ঘ্য হবে ২১.২৬ কিলোমিটার এবং রাজধানীর প্রধান রেলস্টেশন কমলাপুর সরাসরি মেট্রোরেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category