অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া আগামী ১৯ জুলাই তাদের বহুল প্রতীক্ষিত বার্ষিক গালা ডিনার ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে। প্রতিবছরের মতো এবারও প্রবাসী বাংলাদেশিদের এক মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে এই অনুষ্ঠান।
সিডনির মিন্টোতে অবস্থিত সামসান আইএসওএসি মিলনায়তনে (৩৭-৪০ লিংকন স্ট্রিট, মিন্টো) অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে বিকেল সাড়ে ৪টা থেকে অতিথিদের প্রবেশ শুরু হবে এবং সন্ধ্যা ৫টায় শুরু হবে মূল পর্ব।
আয়োজকদের মতে, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, বন্ধন ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই আয়োজন। অনুষ্ঠানে থাকবে ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার, মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, সঙ্গীত, নাটক এবং আনন্দঘন আড্ডার সুযোগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রয়াত কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা বুলবুল আহমেদের কন্যা ঐন্দ্রিলা আহমেদ। এছাড়া অনুষ্ঠানে অংশ নেবেন জনপ্রিয় সংগীতশিল্পী মেহেদী হাসান ও তানিম মান্নান। দর্শকদের জন্য বেলাল ঢালী, অভিনেতা মাজনুন মিজান , আমেনা আক্তারসহ আরও শিল্পীদের পরিবেশনায় মঞ্চস্থ হবে জনপ্রিয় কমেডি নাটক ‘প্রবাসীর গল্পগাথা’।
অনুষ্ঠানের সাধারণ টিকিট মূল্য ৩০ ডলার এবং ভিআইপি টিকিট মূল্য ৫০ ডলার নির্ধারণ করা হয়েছে।
বার্ষিক গালা ডিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬-এর আহ্বায়ক অ্যাডভোকেট মোবারক হোসেন এবং সদস্য সচিব মাকসুদুর রহমান চৌধুরী সুমন এক যৌথ বিবৃতিতে বলেন, “প্রবাসে আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই আয়োজন। সুস্বাদু খাবার, প্রাণবন্ত আড্ডা এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আমরা সকল বাংলাদেশিকে এক ছাদের নিচে একত্রিত করতে চাই। আপনাদের উপস্থিতি আমাদের এই আয়োজনকে আরও সফল ও প্রাণবন্ত করে তুলবে।”
তারা কমিউনিটির সকল সদস্য, শুভানুধ্যায়ী ও বন্ধুদের পরিবার-পরিজনসহ অনুষ্ঠানে অংশগ্রহণের আন্তরিক আহ্বান জানান।