জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে গণপরিবহনের নতুন ভাড়া আজ বৃহস্পতিবার নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। গতকাল বুধবার সচিবালয়ে যানবাহনের ভাড়া বৃদ্ধি নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভা শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন মন্ত্রী।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরপরই গণপরিবহনের ভাড়া বাড়াতে তত্পর হয়ে ওঠেন পরিবহন মালিক ও শ্রমিকরা। সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও দেশের অনেক স্থানেই যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে বিভিন্ন স্থানে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে বাগিবতণ্ডার ঘটনাও ঘটছে। এমন অস্থিতিশীল পরিস্থিতিতে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত ভাড়া না বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
বর্তমানে দেশের দূরপাল্লার রুটের জন্য সরকারনির্ধারিত বাসভাড়া কিলোমিটার প্রতি ২ টাকা ১২ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের বর্তমান ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা।
এদিকে বিআরটিএ সূত্র বলছে, ভাড়া নির্ধারণ কমিটি প্রতি কিলোমিটারে ২২ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে। তবে মন্ত্রণালয়ের বৈঠকের পরে তা কমবেশি করে চূড়ান্ত হবে।