ঈদযাত্রায় ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার সাড়ে ৪ ঘণ্টা পর উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে।
বুধবার (১৮ মার্চ) দুপুর ২টায় বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই বাগবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারী ট্রেন সন্ধ্যা পৌনে ৭টায় ঘটনাস্থলে আসার পর উদ্ধার কাজ শুরু হয়েছে। তবে রেলের ক্ষতিগ্রস্থ লাইনের কাজ করতে সময় লাগবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সরেজমিনে দেখা গেছে, দুর্ঘটনার ফলে রেললাইনের প্রায় ৫৮০ ফুট অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রেলের স্লিপার ভেঙে চুরমার হয়ে গেছে এবং লাইনের পাতগুলো দুমড়ে-মুচড়ে গেছে। ট্রেনের ৯টি বগি লাইন থেকে পড়ে গেছে। এতে লাইন ও চাকা ক্ষতিগ্রস্ত হওয়ায় স্বাভাবিক যোগাযোগ ফিরিয়ে আনতে দীর্ঘ সময় লাগতে পারে। ফলে এই রুটে উত্তরবঙ্গের সাথে দেশের বিভিন্ন রুটের ট্রেন চলাচলের শিডিউলে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি লাইনচ্যুত হয়ে একদিকে হেলে পড়লে ভেতরে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে নামতে গিয়ে এবং ট্রেনের ছাদ থেকে পড়ে বেশ কিছু যাত্রী আহত হয়েছেন। ঈদ উপলক্ষ্যে ট্রেনে অতিরিক্ত ভিড় থাকায় যাত্রীদের ভোগান্তি কয়েকগুণ বেড়ে গেছে। মাঝপথে আটকা পড়া হাজারের বেশি যাত্রী বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।
সান্তাহার রেলওয়ে জংশনের ইনচার্জ খাদিজা খাতুন জানান, নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হওয়ায় এই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে সান্তাহার থেকে বগুড়া হয়ে রংপুরগামী মিটারগেজ লাইনটি সচল রয়েছে। ইতোমধ্যে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে।