সিডনির বাংলাদেশি কমিউনিটির সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক, সাংস্কৃতিক সংগঠক ও বাংলা ভাষা প্রসার কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ড. রফিকুল ইসলাম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ রোববার (৮ নভেম্বর) সকালে ক্যাম্বেলটাউন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
দীর্ঘদিন ধরে মস্তিষ্কজনিত জটিল রোগে আক্রান্ত ড. রফিকুল ইসলাম গত এক বছরের বেশি সময় ধরে গুরুতর অসুস্থ অবস্থায় লিভারপুল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।পরবর্তীতে তাঁকে ক্যাম্বেলটাউন হাসপাতালে ভর্তি করানো হয়।
সিডনিতে বাংলা ভাষা, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার বিকাশে ড. রফিকুল ইসলামের অবদান ছিল অসামান্য। তিনি বাংলা ভাষা প্রসার কমিটি ও বারডিয়া বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের প্রতিও তাঁর দীর্ঘদিনের সহযোগিতা ও অবদান ছিল। বাংলা ভাষা ও সংস্কৃতির প্রসারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছরের ফেব্রুয়ারিতে তাঁকে ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের ‘একুশে সম্মাননা ২০২৬’ প্রদান করা হয়।
সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও তিনি সক্রিয় ছিলেন। অস্ট্রেলিয়ান লেবার পার্টির সঙ্গে সম্পৃক্ত ড. রফিকুল ইসলাম বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার দুই মেয়াদে নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। মহান মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ ও অসাম্প্রদায়িক মূল্যবোধের প্রতি তিনি ছিলেন আজীবন নিবেদিত।
সদালাপী, নিরহংকার ও অজাতশত্রু এই মানুষটি তাঁর আন্তরিকতা, কর্ম ও মানবিক গুণাবলির জন্য সিডনির বাংলাদেশি কমিউনিটিতে অত্যন্ত জনপ্রিয় ও শ্রদ্ধাভাজন ছিলেন। সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে তিনি সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী মিলি ইসলাম, দুই কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ জোহর ল্যাকেম্বা মসজিদে মরহুমের জানাজা শেষে নারেলান কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে ।
এই মহান মানুষটির মৃত্যুতে সিডনির বাংলাদেশী কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যু বাংলা ভাষা, সংস্কৃতি ও সামাজিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।
ড. রফিকুল ইসলামের মৃত্যুতে আমাদের কথা ইনক. ও আমাদের কথা নিউজ পোর্টাল পরিবার গভীর শোক প্রকাশ করছে।
ড. রফিকুল ইসলাম বেঁচে থাকবেন তাঁর কর্মে, আদর্শে এবং বাংলা ভাষা ও বাঙালির প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসায়।