দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকট সমাধানে অন্তত দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার (১৬ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা বলেছেন। আমরা একধরনের সমস্যার মধ্যে আছি। আমাকে স্বীকার করতেই হবে যে, এটাও অতীত থেকে পাওয়া। কিন্তু দুর্ভাগ্যবশত বিদ্যুৎ ও গ্যাসের বিষয়ে কোনো কিছুই ছয় মাসের মধ্যে সমাধান করা সম্ভব নয়। এক বছরের মধ্যেও কোনো সমাধান সম্ভব নয়। এর জন্য সর্বনিম্ন দুই বছর সময় লাগবে, সর্বনিম্ন। আমরা বিদ্যুৎ ও গ্যাসের এই সমস্যা নিয়ে লড়াই করছি।
তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাস ছাড়া অর্থনীতি এগিয়ে নেওয়া সম্ভব নয়। তবে সরকার দ্রুত সংকট মোকাবিলায় কাজ করছে। গ্যাস সরবরাহ বাড়াতে ভাসমান এলএনজি টার্মিনাল ও স্থলভাগে স্টোরেজ সুবিধাসহ বিভিন্ন উদ্যোগ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
বিদ্যুৎ খাতে উৎপাদনের তুলনায় সঞ্চালন ব্যবস্থা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি, গ্যাস ও কয়লাভিত্তিক বিদ্যুতের সমন্বয়ে একটি জ্বালানি মিশ্রণ নির্ধারণের কাজ চলছে।
আমির খসরু বলেন, ‘তাই জ্বালানির একটি সমন্বিত মিশ্রণ নিয়ে আমরা এগোচ্ছি এবং এই সংমিশ্রণটি মোটামুটিভাবে নির্ধারণ করে ফেলেছি। আশা করি, যথাসময়ে আমরা বিদ্যুৎ ও গ্যাস খাতে একটি বড় পরিবর্তন দেখতে পাবো।’