রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।
রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানের সরকারি বাসভবনে ১১ দলের বৈঠক শেষে জোটের অন্যতম প্রধান শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এই ঘোষণা দেন।
ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ উপস্থিত ছিলেন। এছাড়া জোটের শরিকদের মধ্যে এলডিপি চেয়ারম্যান ও মনোনীত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার সভাপতি রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নাসিরুদ্দিন পাটোয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এর আগে গত শনিবার জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে নির্বাচনে অংশ নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়। দলটির নেতারা জানান, ফলাফল যাই হোক না কেন, সরকারি দলের একক অবস্থানের বিপরীতে তাঁরা এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে অংশ নিচ্ছেন। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।