শারদীয় দুর্গোৎসবের আনন্দ, বিজয়ার শুভেচ্ছা বিনিময় এবং ধর্মীয় সম্প্রীতির পাশাপাশি বাংলাদেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের অধিকার ও ন্যায়বিচারের দাবি নিয়ে সিডনিতে অনুষ্ঠিত হয়েছে বিজয়া সম্মিলন ২০২৬। অস্ট্রেলিয়ার ফেডারেল ও রাজ্য সংসদ সদস্য, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক মিলনমেলা।
গতকাল শনিবার (১৪ নভেম্বর) সিডনির ক্যাম্পসির ওরিয়ন ফাংশন সেন্টারে বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত এই অনুষ্ঠানের আয়োজন করে অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ ইন বাংলাদেশ (AFERMB)। প্রতিবছরের মতো এবারও দর্শক ও সংগঠনের সদস্যদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ছিল অনুষ্ঠানস্থল।

‘অশুভের বিনাশ হোক, শুচি হোক বিশ্বলোক’ এই শ্লোগানকে সামনে রেখে আয়োজিত এবারের বিজয়া সম্মিলনের উদ্দেশ্য ছিল প্রবাসে নিজেদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখা, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় করা এবং বাংলাদেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের অধিকার, মর্যাদা, সমতা ও স্বাধীনতার প্রতি সংহতি প্রকাশ করা।

অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিভিন্ন ধর্মের পবিত্র গ্রন্থ থেকে পাঠ করা হয়। শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করেন তেজস্ব পাল ও আহান সেনগুপ্ত। বৌদ্ধধর্মের পবিত্র ত্রিপিটক পাঠ করেন বাংলাদেশের চট্টগ্রামের পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার ও কল্যাণ প্রকল্পের অধ্যক্ষ ড. সংঘপ্রিয় মহাথেরো এবং পবিত্র বাইবেল পাঠ করেন লহড়ী ফ্রান্সিসকা রোজারিও। ভিন্ন ধর্মের পবিত্র গ্রন্থপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানে পারস্পরিক শ্রদ্ধা ও ধর্মীয় সহাবস্থানের গুরুত্ব তুলে ধরা হয়।

বিজয়া সম্মিলনে উপস্থিত ছিলেন বার্টন আসনের ফেডারেল সংসদ সদস্য অ্যাশ আম্বিহাইপাহার, হিউজ আসনের ফেডারেল সংসদ সদস্য ডেভিড মনক্রিফ, নিউ সাউথ ওয়েলসের লেপিংটন আসনের সংসদ সদস্য নাথান হ্যাগার্টি, রাজ্য আইন পরিষদের সদস্য অ্যান্থনি ডি’অ্যাডাম এবং বহুসংস্কৃতিবাদ, শিল্পসম্পর্ক ও কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক সংসদীয় সচিব মার্ক বাটিগিয়েগ।

এ ছাড়া উপস্থিত ছিলেন হিন্দু কাউন্সিল অব অস্ট্রেলিয়ার জাতীয় সভাপতি শ্রী সাই পারাভাস্তু এবং জাতীয় সম্পাদক শ্রীমতী শোভা দেশিকান।
অনুষ্ঠানে উপস্থিত জনপ্রতিনিধিরা অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক সমাজে বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠীর পারস্পরিক শ্রদ্ধা, সামাজিক সম্প্রীতি এবং নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তাঁরা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

বিজয়া সম্মিলন উপলক্ষে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনস, রাজ্যের বিরোধীদলীয় নেতা কেলি স্লোন, বেরোওরা আসনের ফেডারেল সংসদ সদস্য এবং শিক্ষা, প্রারম্ভিক শিক্ষা ও শিল্পকলাবিষয়ক ছায়ামন্ত্রী জুলিয়ান লিসার এবং সিনেটর ডেভ শর্মা।
অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্যের মোট ২১টি সংগঠন বিজয়ার শুভেচ্ছা বিনিময়ে অংশ নেয়। এর মধ্যে সিডনির ১৬টি সংগঠনের প্রতিনিধিরা মঞ্চে উপস্থিত থেকে শুভেচ্ছা জানান এবং অন্যান্য রাজ্যের পাঁচটি সংগঠন বার্তার মাধ্যমে শুভেচ্ছা ও সংহতি প্রকাশ করে। বিভিন্ন সংগঠনের এই সম্মিলিত অংশগ্রহণ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার বিষয়টিকে সামনে নিয়ে আসে।

এবারের বিজয়া সম্মিলনের একটি গুরুত্বপূর্ণ পর্ব ছিল বাংলাদেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন এবং ন্যায়বিচারের প্রশ্ন নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনী। অনুষ্ঠানে আকাশ দে পরিচালিত ‘বিচার কোথায়?’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক নির্যাতনের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়। উৎসবের আনন্দের পাশাপাশি এই প্রদর্শনী বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা, নাগরিক অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করার প্রয়োজনীয়তার বিষয়টি সামনে নিয়ে আসে।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করে সিডনির ১৪টি স্থানীয় সংগঠন। স্থানীয় শিল্পীদের সংগীত, নৃত্য ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে তুলে ধরা হয় বাঙালির নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য। প্রবাসে বসবাস করেও নিজেদের সাংস্কৃতিক পরিচয় ধরে রাখা এবং নতুন প্রজন্মের মধ্যে বাংলা সংস্কৃতিচর্চার আগ্রহ তৈরি করার বিষয়টি এই আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতদল ‘জলের গান’এর শিল্পী রাহুল আনন্দ। তার সংগীত পরিবেশনায় সংগত করেন সিডনির স্থানীয় শিল্পী সুমিতা দে, অনুলেখা পণ্ডিত ও লারিনা নূপুর রোজারিও। ঢোলে ছিলেন তাপস কর।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সনেট সাহা ও ইপ্সিতা দত্ত। সমাপনী পর্বে আয়োজক সংগঠনের পরিচালনা পর্ষদ ও নির্বাহী কমিটির সদস্যদের উপস্থিতিতে ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের চেয়ারম্যান ড. সমীর সরকার।
বিজয়া সম্মিলন শুধু শারদীয় উৎসবের শুভেচ্ছা বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না। বাংলাদেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের অধিকার, নিরাপত্তা, সমমর্যাদা এবং ন্যায়বিচারের দাবির পাশাপাশি অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক সমাজে ধর্মীয় সহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধার গুরুত্বও উঠে আসে এই আয়োজনে।
বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ, একুশটি সংগঠনের শুভেচ্ছা বিনিময়, সাংস্কৃতিক পরিবেশনা এবং মানবাধিকারবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে প্রবাসে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখার পাশাপাশি একটি শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলার প্রত্যাশা নিয়ে শেষ হয় এবারের বিজয়া সম্মিলন।