রাজধানীর গেন্ডারিয়া ও জুরাইনের বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে মাদকসেবনরত অবস্থায় ১৫ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ডিএনসির ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল দুপুর দেড়টার দিকে গেন্ডারিয়ার কড়াইপট্টি, মুন্সিরটেক ও দয়াগঞ্জ রেলক্রসিং এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় মাদকসেবনরত অবস্থায় ১২ জনকে গ্রেফতার করা হয়।
একই দল জুরাইনের জুলহাসের স্পট ও কানা জব্বারের স্পটে অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেফতার করে।
আনোয়ার হোসেন জানান, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে মোট ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেফতার ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।