আমাদের কথা ডেস্ক: হলভর্তি উচ্ছ্বসিত দর্শক, বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা, সম্মাননা আর আনন্দঘন মিলনমেলার মধ্য দিয়ে সিডনিতে উদযাপিত হলো ‘আমাদের কথা’ ইনকর্পোরেটেড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী। একই সঙ্গে এটি ছিল সংগঠনটির পথচলার ১০ম আয়োজন।
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ক্যাম্পবেলটাউন সিভিক সেন্টারে আয়োজিত এই বিশেষ সন্ধ্যায় সিডনির বিভিন্ন প্রান্ত থেকে শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কমিউনিটি সংগঠক, শুভানুধ্যায়ী এবং বিপুলসংখ্যক দর্শক অংশ নেন। অনুষ্ঠানজুড়ে দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি ও উচ্ছ্বাস পুরো আয়োজনকে পরিণত করে এক আনন্দমুখর মিলনমেলায়।

অনুষ্ঠানের প্রথম পর্ব সঞ্চালনা করেন মঞ্জুশ্রী মিতা মজুমদার ও পৃথিবী তাজওয়ার। উপস্থিত অতিথি ও দর্শকদের স্বাগত জানানোর পর বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল আয়োজন। এরপর অস্ট্রেলিয়ার ভূমির ঐতিহ্যবাহী অভিভাবকদের প্রতি সম্মান জানিয়ে ভূমির স্বীকৃতি ও শ্রদ্ধাজ্ঞাপন পাঠ করেন পৃথিবী তাজওয়ার।
এরপর স্বাগত বক্তব্য রাখেন ‘আমাদের কথা’ ইনকর্পোরেটেড-এর সভাপতি ও ‘আমাদের কথা’ সংবাদ পোর্টালের প্রধান সম্পাদক পূরবী পারমিতা বোস। ছয় বছরের পথচলার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ২০২০ সালে এক কঠিন সময়ে ছোট্ট একটি স্বপ্ন নিয়ে ‘আমাদের কথা’র যাত্রা শুরু হয়েছিল। সেই স্বপ্ন ছিল সংস্কৃতি, সম্প্রীতি ও মানুষের মধ্যে সংযোগের একটি নিজস্ব জায়গা তৈরি করা। ছয় বছর পর সংগঠনটির ১০ম আয়োজন পর্যন্ত পৌঁছানোর এই যাত্রায় পাশে থাকা সদস্য, শিল্পী, পৃষ্ঠপোষক, শুভানুধ্যায়ী ও কমিউনিটির সবার প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।

সম্মাননা পর্বে স্বীকৃতি পেলেন ব্যক্তি ও সংগঠন
সন্ধ্যার অন্যতম আকর্ষণ ছিল বিশেষ সম্মাননা পর্ব। সাহিত্য, সাংবাদিকতা, সংগীত, নৃত্য, আলোকচিত্র, কমিউনিটি এবং নতুন প্রজন্মের মধ্যে বাংলা সংস্কৃতির চর্চা ও প্রসারে অবদান রাখা ব্যক্তি ও সংগঠনকে এ পর্বে সম্মানিত করে ‘আমাদের কথা’।

প্রথম বিশেষ সম্মাননা দেওয়া হয় বিশিষ্ট লেখক, সাংবাদিক, ছড়াকার ও রাজনৈতিক বিশ্লেষক অজয় দাশগুপ্তকে। তাঁর লেখনী, পরামর্শ, উৎসাহ এবং ‘আমাদের কথা’র প্রতি দীর্ঘদিনের আন্তরিক সহযোগিতার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হয়। তাঁর হাতে সম্মাননা তুলে দেন সাবেক ডেপুটি মেয়র ও বর্তমান কাউন্সিলর কারেন হান্ট এবং একুশে একাডেমি অস্ট্রেলিয়ার সাবেক সভাপতি ড. সুলতান মাহমুদ। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন পূরবী পারমিতা বোস।
অজয় দাশগুপ্তের উৎসাহ ও অনুপ্রেরণায় আগামী ৮ মে ২০২৭ একটি বিশেষ রবীন্দ্রজয়ন্তী আয়োজনের পরিকল্পনার কথাও জানায় ‘আমাদের কথা’।
‘আমাদের কথা’র পথচলার একেবারে শুরু থেকে সংগীত, বাদ্যযন্ত্র, শব্দ ব্যবস্থাপনা, পরামর্শ এবং বিভিন্ন আয়োজনে সহযোগিতার জন্য চারু গানের দলকে বিশেষ সম্মাননা জানানো হয়। দলের পক্ষ থেকে নামিদ ফারহান ও আয়েশা কলি সম্মাননা গ্রহণ করেন।
নতুন প্রজন্মের মধ্যে বাংলা সংস্কৃতির চর্চা ছড়িয়ে দেওয়ার দীর্ঘদিনের প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পায় কিশলয় কচিকাঁচা। ২০১০ সালে যাত্রা শুরু করা সংগঠনটি নাচ, গান, আবৃত্তি ও নাটকের মাধ্যমে সিডনির শিশু-কিশোরদের বাংলা সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করে চলেছে। সংগঠনের পক্ষ থেকে রোকসানা রহমান ও আনিসুর রহমান সম্মাননা গ্রহণ করেন।
‘আমাদের কথা’র বিভিন্ন আয়োজনের অসংখ্য সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করা এবং দীর্ঘদিন আন্তরিকভাবে পাশে থাকার জন্য আলোকচিত্রী তাপস পালকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
নৃত্যচর্চা ও নতুন প্রজন্মের মধ্যে নৃত্যশিক্ষা ছড়িয়ে দেওয়ার অবদানের স্বীকৃতিস্বরূপ নটরাজ ড্যান্স একাডেমিকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। প্রতিষ্ঠানের কর্ণধার ও নৃত্যশিল্পী শ্রেয়সী দাশ সম্মাননা গ্রহণ করেন।
তরুণ প্রজন্মের নৃত্যশিল্পী মিশা চৌধুরীকেও নৃত্যচর্চা এবং প্রবাসে বাংলা সংস্কৃতিকে ধারণ ও তুলে ধরার স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা দেওয়া হয়।
কমিউনিটিতে অবদান ও নাগরিক নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ সদ্য নির্বাচিত দুই ডেপুটি মেয়র—ক্যাম্পবেলটাউন সিটির ডেপুটি মেয়র কাউন্সিলর মাসুদ চৌধুরী এবং ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর এলিজা রহমানকে বিশেষ নাগরিক সম্মাননা প্রদান করা হয়।
‘আমাদের কথা’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর প্রধান পৃষ্ঠপোষক আফরীনা চৌধুরীকে তাঁর গুরুত্বপূর্ণ সহযোগিতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ অবদান সম্মাননা প্রদান করা হয়। তাঁর সহযোগিতার জন্য সংগঠনের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতাও প্রকাশ করা হয়।
এবারের আয়োজনে আরও তিনজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদানের আয়োজন ছিল। তাঁরা হলেন ক্যাম্পবেলটাউন সিটির মেয়র কাউন্সিলর ডার্সি লাউন্ড, কমিউনিটির সর্বজনশ্রদ্ধেয় গামা আব্দুল কাদির এবং সমাজসেবক মো. শফিকুল আলম। অনুষ্ঠানে তাঁদের অনুপস্থিতির কারণে এদিন সম্মাননা গ্রহণ করা সম্ভব হয়নি। ‘আমাদের কথা’র পক্ষ থেকে জানানো হয়, পরবর্তী আয়োজনে আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে সম্মাননা পদক তুলে দেওয়া হবে।
এ ছাড়া ‘আমাদের কথা’র প্রতি আন্তরিকতা ও সহযোগিতার জন্য মোবারক হোসেনকে বিশেষ ধন্যবাদ ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ফেডারেল এমপি ডেভিড মনক্রীফ, কাউন্সিলর কারেন হান্ট, কাউন্সিলর মাসুদ ইব্রাহিম খলিল, কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশ এবং নারী সংগঠক সেলিনা বেগম, তিশা ও তানিয়া। উক্ত আয়োজনে আরো উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ সাংস্কৃতিক ও সাংবাদিক ব্যক্তিবর্গ তাদের মধ্যে নোমান আল শামীম, ডঃ রতন কুন্ডু, মাহবুবুর রহমান, শাখাওয়াৎ নয়ন, মীনা সিকান্দরী, কামাল পাশা, সুমন চৌধুরী, সাংবাদিক নাইম আব্দুল্লাহ, কাজী শিমি সুলতানা , শাহদাত হোসেন, মিলি ইসলাম প্রমূখ ।
‘আমাদের কথা’র এই আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন আব্দুল্লাহ আল মামুন, মাইনুল হাসান সুমন, আলিয়া খান, তানজির খান, কাজী রাহাত আহমেদ, আমিন উদ্দিন, সাদিয়া আফরিন এবং মামুনুর রশীদ।
গান-নাচে মুখর সাংস্কৃতিক সন্ধ্যা
সম্মাননা পর্বের পর শুরু হয় বহুল প্রতীক্ষিত সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন মঞ্জুশ্রী মিতা মজুমদার ও মুনা মুস্তাফা।
এবারের আয়োজনের অন্যতম বিশেষত্ব ছিল সিডনির স্থানীয় শিল্পীদের অংশগ্রহণ। স্থানীয় প্রতিভাকে নিজেদের মঞ্চে তুলে ধরার প্রত্যয় থেকেই পুরো সাংস্কৃতিক পর্ব সাজানো হয় তাঁদের পরিবেশনায়।
গান দিয়ে সাংস্কৃতিক পর্ব শুরু করেন নতুন প্রজন্মের সংগীতশিল্পী আরুশী চৌধুরী। এরপর দুটি গান পরিবেশন করেন পূর্ণতা কুন্ডু। নৃত্য পরিবেশন করেন মিশা চৌধুরী এবং দুটি গান নিয়ে মঞ্চে আসেন প্রিয়াংকা চৌধুরী।
এরপর নৃত্য পরিবেশন করেন অর্পিতা সোম চৌধুরী। তিনটি গান পরিবেশন করেন মারিয়া মুন। মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা নিয়ে মঞ্চে আসেন শ্রেয়সী দাশ, পর্না ঘোষ ও রেমো ঘোষ। একের পর এক সংগীত ও নৃত্য পরিবেশনায় দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে মিলনায়তন।
সাংস্কৃতিক পর্বের শেষ পরিবেশনা নিয়ে মঞ্চে আসে ‘আমাদের কথা’র দীর্ঘদিনের সঙ্গী চারু গানের দল। দলের পরিবেশনায় কণ্ঠে ছিলেন আয়েশা কলি এবং বাদ্যযন্ত্রে ছিলেন নামিদ ফারহান, শিপলু, লিন্টার্স পেরেরা ও বনিফাস। তাঁদের প্রাণবন্ত সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় জমজমাট সাংস্কৃতিক পর্ব।
পুরো অনুষ্ঠানের শব্দ নিয়ন্ত্রণে ছিলেন সৈয়দ মাহাদি এবং অতিথিদের জন্য খাবার পরিবেশনায় ছিল ফোড়নের গল্প ক্যাফে।
ছয় বছরে দশ আয়োজন
২০২০ সালে যাত্রা শুরুর পর গত ছয় বছরে ‘আমাদের কথা’ আয়োজন করেছে বসন্তবরণ, পহেলা বৈশাখ, বিজয় দিবস, দীপাবলি ও একাধিক রবীন্দ্রজয়ন্তীসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। যাত্রা শুরু করেছে ‘আমাদের কথা’ সংবাদ পোর্টাল। পাশাপাশি কমিউনিটির মিলনমেলা, করোনাকালীন খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ এবং বিভিন্ন মানবিক ও দাতব্য কর্মকাণ্ডেও সংগঠনটি যুক্ত থেকেছে।
সেই ধারাবাহিকতায় ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ছিল ‘আমাদের কথা’র ১০ম আয়োজন। এবারের আয়োজনেও বাংলা সংস্কৃতির চর্চার পাশাপাশি সিডনির স্থানীয় শিল্পী, নতুন প্রজন্ম এবং কমিউনিটিতে অবদান রাখা মানুষদের সামনে তুলে ধরাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষপর্বে সফল আয়োজনের সঙ্গে যুক্ত সকল শিল্পী, সদস্য, স্বেচ্ছাসেবক, পৃষ্ঠপোষক, সহযোগী, শুভানুধ্যায়ী এবং হলভর্তি দর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানায় ‘আমাদের কথা’।
রাত ৯টায় সাংস্কৃতিক আয়োজন শেষে অতিথিদের জন্য নৈশভোজ পরিবেশন করে ফোড়নের গল্প ক্যাফে। নৈশভোজের পর আসে প্রতিষ্ঠাবার্ষিকীর আরেকটি আনন্দঘন মুহূর্ত। উপস্থিত অতিথি, শিল্পী, সদস্য ও শুভানুধ্যায়ীদের সঙ্গে নিয়ে কাটা হয় ‘আমাদের কথা’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর বিশাল কেক। সবাই মিলে কেক কাটার মধ্য দিয়ে ছয় বছরের পথচলার আনন্দ ভাগাভাগি করে নেন।
সম্মাননা, গান, নৃত্য, আড্ডা, নৈশভোজ এবং সবশেষে সম্মিলিত কেক কাটার আনন্দ সব মিলিয়ে উৎসবমুখর ও সম্প্রীতির আবহে শেষ হয় ‘আমাদের কথা’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও ১০ম আয়োজন।
হলভর্তি মানুষের উচ্ছ্বাস আর ভালোবাসায় ছয় বছরের পথচলার এই উদযাপন হয়ে উঠেছিল ‘আমাদের কথা’র জন্য আরও একটি স্মরণীয় অধ্যায় যেখানে একই ছাদের নিচে মিলেছিল সংস্কৃতি, কমিউনিটি, বন্ধুত্ব এবং প্রজন্মের বন্ধন