শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

সিডনিতে অস্ট্রেলিয়া আওয়ামীলীগের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ Time View

গত ১৬ ডিসেম্বর অস্ট্রেলিয়া আওয়ামীলীগ বাংলাদেশের মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন করে। সিডনির ল্যাকেম্বার ইউনাইটিং চার্চ হলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আওয়ামীলীগ অস্ট্রেলিয়া, এর সহযোগী সংগঠনসমূহ এবং বঙ্গবন্ধু পরিষদের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অস্ট্রেলিয়া আওয়ামীলীগের সভাপতি ড. সিরাজুল হক। মহান স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ শহীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া, আলোচনা সভা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হয়। এরপর উপস্থিত সবাই সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করেন। মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদ, আগস্ট ট্রাজেডিতে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গ, এবং জুলাই সন্ত্রাসে নিহত দেশপ্রেমিক জনতার স্মরণে সশ্রদ্ধ চিত্তে এক মিনিট নীরবতা পালন করা হয়।

দেশের বর্তমান দুঃসময়ে সবাইকে সোচ্চার ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শপথবাক্য পাঠ করান ড. সাখাওয়াত নয়ন। বঙ্গবন্ধুসহ ত্রিশ লক্ষ শহীদ ও শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত এবং দেশের সার্বিক উন্নয়ন কামনায় দোয়া পাঠ করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবুল বাসার রিপন।

দেশের এই ক্রান্তিকালে একটি ভিন্ন ও তাৎপর্যপূর্ণ আঙ্গিকে অস্ট্রেলিয়া আওয়ামীলীগ এবারের বিজয় দিবস উদযাপন করে। আলোচনায় বাংলাদেশ আওয়ামীলীগ, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার নেতৃবৃন্দসহ বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কচি এবং সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন।

সভায় বক্তারা বর্তমানে বাংলাদেশে একটি অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের জনবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস মুছে ফেলার উদ্দেশ্যে ডক্টর ইউনুস ‘রিসেট বাটন’ প্রেস করেছেন, যার মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস, ‘জয় বাংলা’ স্লোগান, জাতীয় পতাকা, জাতীয় সংগীতসহ স্বাধীনতার সব স্মৃতি মুছে ফেলার অপচেষ্টা চলছে। এ অবস্থায় দেশে-বিদেশে অবস্থানরত সকল বঙ্গবন্ধুর আদর্শের কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

স্বাধীনতার চেতনা ও দেশের গান দিয়ে সাজানো বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক নিলুফা ইয়াসমিন, ছায়ানটের প্রশিক্ষক ইমরান হোসেন, রানা ও সমীর রোজারিও। কবি শামসুর রহমানের বিখ্যাত কবিতা “স্বাধীনতা তুমি” আবৃত্তি করেন মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সুলতানা সুফিয়া মিতু।

অনুষ্ঠান শেষে আগত সকল অতিথিদের জন্য বৈকালিক চা ও নৈশভোজের আয়োজন করা হয়। মহান বিজয় দিবসের এই আয়োজন প্রবাসে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতে এবং বাংলাদেশি কমিউনিটির ঐক্যকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category