সীমান্তের ওপারে কে কী করছে, তা জানেন না; তবে সীমান্তের এপারে কাউকে অপতৎপরতা চালাতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক কিছু সহিংসতায় পুলিশ, র্যাব, বিজিবি, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্য আহত হয়েছেন। তাদের কেউ কেউ গুরুতর আহত। কারও মাথায় আঘাত লেগেছে, আবার কারও হাড় ভেঙেছে। তাদের অনেকেই চিকিৎসা নিয়েছেন। তবে কয়েকজনকে দীর্ঘ সময় চিকিৎসা নিতে হবে এবং কারও কারও বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হবে।
আহত সদস্যদের মধ্যে কয়েকজনকে পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের চাকরিতে যোগদানের শুরু থেকেই সদস্যরা সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকেন। শ্রমিক আন্দোলনেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহত হয়েছেন। কিন্তু তারা আন্দোলনরত মজলুম ভাই-বোনদের আঘাত করেননি। এ বিষয়টি দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে।
দেশে চলমান সহিংসতা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কোনো বার্তা আছে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, বাহিনীগুলো সব সময় প্রস্তুত থাকে। তাদের কাজই হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। যেকোনো সময় অস্থিরতা তৈরি হতে পারে, এমনটি বিবেচনায় নিয়েই পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে। এ কারণেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে।
দেশের বিভিন্ন স্থানে জ্বালাও-পোড়াওয়ের ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে সালাহউদ্দিন আহমদ বলেন, কারও কারও কর্মসূচি থাকতে পারে। তবে শ্রমিক ভাই-বোনেরা অত্যন্ত সন্তুষ্ট। তারা মজুরি বোর্ডের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং শৃঙ্খলা বজায় রেখেছেন।
তিনি বলেন, শ্রমিক পরিচয়ধারী কিছু লোকের মধ্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। তবে তারা সফল হবে না বলে মনে করেন তিনি। সীমান্তের ওপার থেকে যারা জ্বালাও-পোড়াও করছে, তারা দেশের দুই-একটি জায়গায় মিছিল করেছে বলে শুনেছেন। এসব ঘটনা খুবই বিচ্ছিন্ন।