দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে সীমান্তের ওপার থেকে একটি অপশক্তি তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অগ্নিসন্ত্রাসের মাধ্যমে নাগরিক জীবন বিপন্ন করার পাশাপাশি শিল্পাঞ্চলে শ্রমিকদের ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে। এসব অপতৎপরতা আইনানুগভাবে ও ধৈর্যের সঙ্গে মোকাবিলা করা হবে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যে অপচেষ্টা চলছে, তা সর্বাত্মকভাবে প্রতিহত করতে হবে। সীমান্তের ওপার থেকে একটি অপশক্তি বাংলাদেশে অস্থিরতা ও অগ্নিসন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করছে। তবে সরকার আইনানুগ পন্থায়, শান্তিপূর্ণভাবে এবং ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করবে।
গত ১৬-১৭ বছরের শাসনামলের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, ওই সময়ে দেশ আলেম ও ইসলামবিদ্বেষী স্বৈরাচারী শাসনের অধীনে ছিল। সে সময় আলেম-ওলামারা দ্বিতীয় শ্রেণির নাগরিকের মতো জীবনযাপন করেছেন। বায়তুল মোকাররম মসজিদে মুসল্লিদের রক্ত ঝরেছে এবং শাপলা চত্বরে রাতের অন্ধকারে মাদ্রাসাশিক্ষার্থী, আলেম ও সাধারণ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে।
শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির চেষ্টার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, কালিয়াকৈর ও আশুলিয়াসহ বিভিন্ন এলাকার পোশাক কারখানায় শ্রমিকদের ব্যবহার করে উসকানি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হয়েছিল। শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং সম্প্রতি তাদের দাবি অনুযায়ী মজুরি ঘোষণা করা হয়েছে। শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি আদায় করেছেন।
তিনি অভিযোগ করেন, এরপরও কিছু দুষ্কৃতকারী শ্রমিকদের নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। যারা দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তারাই এসব কর্মকাণ্ডে জড়িত। তাদের চিহ্নিত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
থানা, হাসপাতাল, সংসদ সদস্যদের বাড়িঘর ও দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের ওপার থেকে অডিও-ভিডিও বার্তার মাধ্যমে আগুন লাগানোর নির্দেশনা ও উসকানি দেওয়া হচ্ছে। দেশের ভেতরে থাকা তাদের নেতাকর্মীদেরও এসব কর্মকাণ্ডে ইন্ধন দেওয়া হচ্ছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে পতিত স্বৈরাচারী শক্তির আর ফিরে আসার সুযোগ নেই। তারা অগ্নিসন্ত্রাসের মাধ্যমে অতীতের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা করছে। কিন্তু এ দেশে তা সফল হতে দেওয়া হবে না।
দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের আলাদা আদর্শ ও কর্মসূচি থাকবে। গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে মতপার্থক্য ও বিতর্কও থাকবে। তবে গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য রক্ষার প্রশ্নে সবাইকে এক থাকতে হবে।
ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক ঐক্যের মতো আবারও রাজনৈতিক ও জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।