রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (১১ আগস্ট) বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে জানায় বনানী থানা-পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে মোটরসাইকেলযোগে কয়েকজন নেতাকর্মী মিছিল বের করেন। মিছিলটি টার্মিনাল এলাকার সামনে দিয়ে দ্রুতগতিতে এগিয়ে যায়। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে চারজনকে আটক করে।
পুলিশ বলছে, আটক ব্যক্তিরা হলেন সরকারি বাংলা কলেজ ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) কর্মী আসলাম মিয়া (২৫) ও আশিকুল ইসলাম (২৪) এবং আওয়ামী লীগের কর্মী মাহফুজুর রহমান সিয়াম (১৯) ও মনির হোসেন (৪৮)।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা ঝটিকা মিছিল করার জন্য জড়ো হচ্ছিলেন। তারা সিএনজিচালিত অটোরিকশায় করে ঘটনাস্থলে এসেছিলেন। তাদের মধ্যে মোট চারজনকে আটক করা হয়েছে। অন্যরা পালিয়ে যাওয়ার সময় একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটান। স্থানীয় জনতার গণপিটুনিতে আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় বনানী থানা–পুলিশ।