শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

হরমুজ নিয়ে চুক্তি খুব নিকটেই, তবে মানতে হবে শর্ত: ইরান

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১ Time View

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে ইরান ‘খুব কাছাকাছি’ রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলছে, তেহরানের সব শর্ত মেনে নিলেই কেবল প্রণালিটি পুরোপুরি খুলে দেওয়া হবে।

শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে আরাঘচি বলেন, পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া একটি সমঝোতা স্মারকের ৫ নম্বর ধারা ইরান বাস্তবায়ন করে আসছে। ওই সমঝোতা অনুযায়ী, এক মাসের মধ্যে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার কথা ছিল।

আরাঘচির দাবি, দুই সপ্তাহের মধ্যেই হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক অবস্থার প্রায় ৬০ শতাংশে ফিরে এসেছিল। তবে যুক্তরাষ্ট্র ইরানের সতর্কবার্তা উপেক্ষা করে প্রণালিতে নতুন নৌপথ চালুর চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে দুই দেশের আলোচনায় একটি অস্থায়ী জাহাজ চলাচলের পথ নির্ধারণের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। পরবর্তী সময়ে ওই পথের ভিত্তিতে একটি স্থায়ী নৌপথ নির্ধারণ করা হবে। এ বিষয়ে দুই দেশের সামরিক ও নৌবাহিনীর কর্মকর্তাদের মধ্যেও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

তবে আইআরজিসির মুখপাত্র সারদার মোহেবি বলেছেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়টি কোনোভাবেই ওমানের সঙ্গে চলমান আলোচনার ওপর নির্ভরশীল নয়। বরং ইরানের নির্ধারিত ‘নির্দিষ্ট ব্যবস্থা ও শর্ত’ পূরণ হলেই প্রণালিটি খুলবে।

তাসনিম নিউজকে মোহেবি বলেন, ‘আমাদের কাছে হরমুজ প্রণালি শুধু একটি অর্থনৈতিক জলপথ নয়; এটি ভৌগোলিক ও কৌশলগত শক্তিরও একটি অংশ।’

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রকে ইরানের সব শর্ত মেনে নিতে হবে এবং আঞ্চলিক আলোচনায় হস্তক্ষেপ বন্ধ করতে হবে। তাঁর ভাষায়, ‘যুক্তরাষ্ট্র যখনই ইরানের শর্তগুলো মেনে নেবে, তখনই হরমুজ প্রণালি অবশ্যই খুলে দেওয়া হবে।’

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। এ পথ দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে প্রণালিটির নৌচলাচল নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে এর প্রভাব পড়ে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সমঝোতার সম্ভাবনা তৈরি হলেও আইআরজিসির অবস্থান থেকে স্পষ্ট, হরমুজ প্রণালি পুরোপুরি স্বাভাবিক করার ক্ষেত্রে তেহরান এখনো তাদের নির্ধারিত শর্ত পূরণের ওপর জোর দিচ্ছে।

সূত্র: আল জাজিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category