অস্ট্রেলিয়ায় বাংলাদেশি ব্যবসায়ী ও পেশাজীবীদের সংগঠন অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিল (ABBC) এর উদ্যোগে সিডনির লিলিফিল্ডে অবস্থিত প্রখ্যাত ভেন্যু লে মন্টাজে এক জমকালো ইফতার ও ডিনার ২০২৬ আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী, পেশাজীবী, কমিউনিটি নেতৃবৃন্দ এবং বিভিন্ন দেশের বিশিষ্ট অতিথিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি শুরু হয় অতিথিদের আগমন ও নিবন্ধনের মাধ্যমে। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত করেন আবরার জাওয়াদ , যা অনুষ্ঠানে এক আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এবিবিসির চেয়ারপার্সন ফয়েজ দেওয়ান। তিনি তার বক্তব্যে অস্ট্রেলিয়ায় বাংলাদেশি ব্যবসায়ী সম্প্রদায়ের ঐক্য, সহযোগিতা এবং অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ বক্তব্য ও দোয়া পরিচালনা করেন দার ইবন আব্বাসের প্রিন্সিপাল শাইখ আবদুলকরিম আবদুল্লাহ নিউম্যান। তিনি রমজানের তাৎপর্য, সহমর্মিতা, উদারতা এবং সামাজিক বন্ধন শক্তিশালী করার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

পরবর্তীতে উপস্থিত অতিথিরা একসাথে মাগরিবের নামাজ আদায় করেন এবং এরপর ইফতার ও নৈশভোজ পরিবেশন করা হয়।
ডিনার পর্বে বক্তব্য রাখেন ডেপুটি এর সহ-প্রতিষ্ঠাতা আশিক আহমেদ। তিনি রমজান মাসের পবিত্রতা ও অস্ট্রেলিয়ায় বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য নতুন সম্ভাবনার বিষয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানটির সার্বিক সমন্বয় করেন এবিবিসির ট্রেজারার সৈয়দ মাহবুব মুর্শেদ (বাপ্পি) এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন ড. তানভীর উদ্দিন।
অনুষ্ঠানে স্পন্সর প্রতিষ্ঠান ইসলামিক কো-অপারেটিভ ফাইন্যান্স অস্ট্রেলিয়া লিমিটেড (ICFAL) এর শরিয়াহ বোর্ডের উপদেষ্টা ইউসুফ ট্যাং বক্তব্য প্রদান করেন এবং অস্ট্রেলিয়ায় ইসলামিক ফাইন্যান্সের সম্ভাবনা সম্পর্কে আলোচনা করেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে সম্মাননা স্বরূপ ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয় শাইখ আবদুলকরিম আবদুল্লাহ নিউম্যান, আশিক আহমেদ এবং আইসিএফএএল চেয়ারম্যান ড. পারভেজ শাহকে।
অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত অতিথিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হয়, যেখানে ব্যবসায়ী ও পেশাজীবীরা পারস্পরিক মতবিনিময় এবং সম্ভাব্য ব্যবসায়িক সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এই আয়োজনটি অস্ট্রেলিয়ায় বাংলাদেশি ব্যবসায়ী ও পেশাজীবীদের অন্যতম গুরুত্বপূর্ণ বার্ষিক মিলনমেলায় পরিণত হয়েছে, যা দুই দেশের ব্যবসায়িক ও সামাজিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রেস রিলিজ