পূরবী পারমিতা বোস: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সিডনির বাঙালি কমিউনিটিতে যেন শুরু হয়ে গেছে আগাম ঈদের উৎসব। প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত অংশগ্রহণে জমে উঠেছে ‘ঈদ এক্সিবিশন ২০২৬’, যেখানে ঈদ শপিং, আড্ডা, ইফতার আর উৎসবের আমেজ মিলিয়ে তৈরি হয়েছে এক অনন্য মিলনমেলা।

সিডনি বাঙালি কমিউনিটি ইনক এর উদ্যোগে মিন্টো ইনডোর স্পোর্টস সেন্টারে আয়োজিত এই এক্সিবিশনে প্রতি সপ্তাহে দেখা যাচ্ছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বিশাল ভেন্যু জুড়ে সাজানো স্টলগুলোতে শাড়ি, জামাকাপড়, পাঞ্জাবি, জুতা, গয়না থেকে শুরু করে শিশুদের পোশাক সবকিছুই পাওয়া যাচ্ছে একসঙ্গে। একই ছাদের নিচে নানান রকম পণ্যের সমাহার যেন ছোটখাটো একটি শপিং মলের আবহ তৈরি করেছে।

এবারের আয়োজনকে আরও বড় করে তুলতে ঈদুল ফিতর উপলক্ষে মোট চারটি ঈদ এক্সিবিশনের আয়োজন করেছে সিডনি বাঙালি কমিউনিটি ইনক.। এর মধ্যে তিনটি ইতোমধ্যেই সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত হবে শেষ এক্সিবিশন, যা ঈদের একদম আগে হওয়ায় সেটি আরও বেশি আনন্দময় ও উৎসবমুখর হবে বলে আশা করছেন আয়োজকরা।

মেলায় শুধু কেনাকাটাই নয়, রোজাদারদের কথা ভেবে রাখা হয়েছে ইফতারের বিভিন্ন সামগ্রীর স্টলও। ফলে অনেকে কেনাকাটা শেষে পরিবার-বন্ধুদের সঙ্গে ইফতার করে সময়টাকে আরও আনন্দময় করে তুলছেন। পুরো পরিবেশে যেন ঈদের আগাম আনন্দের আমেজ ছড়িয়ে পড়েছে।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো প্রবাসী বাংলাদেশি নারীদের পরিচালিত ছোট ছোট ব্যবসাকে উৎসাহ দেওয়া এবং এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে নারীরা আত্মবিশ্বাসের সঙ্গে তাদের কাজ, সৃজনশীলতা ও উদ্যোগ তুলে ধরতে পারেন। অনেক নারী উদ্যোক্তার জন্য এই এক্সিবিশন তাদের পণ্য পরিচিত করার একটি বড় সুযোগ হয়ে উঠেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেভিড মনক্রিফ এমপি সদস্য হিউজ, ডেপুটি মেয়র ও কাউন্সিলর ক্যারেন হান্ট ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল, এবং কমিউনিটির সম্মানিত ব্যক্তিত্ব মো. শফিকুল আলম, আমাদের কথার প্রধান সম্পাদক পূরবী পারমিতা বোস, নারী নেত্রী কাশফি আসমা আলম এবং অর্নব সাহা।তাদের উপস্থিতি পুরো আয়োজনকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে এবং কমিউনিটির এই উদ্যোগের প্রতি সমর্থন ও উৎসাহের একটি সুন্দর দৃষ্টান্ত স্থাপন করে।

এই আয়োজনের পেছনে সেলিমা বেগমের উদ্যোগ ও নেতৃত্ব বিশেষভাবে প্রশংসিত হয়েছে। উদ্যোক্তাহঅনেকেই মনে করেন, তার মতো উদ্যোগী মানুষের কারণেই প্রবাসী নারীরা অনুপ্রেরণা পাচ্ছেন, একে অপরের সঙ্গে সংযোগ তৈরি করছেন এবং নিজেদের স্বপ্নকে আরও বড় করে দেখার সাহস অর্জন করছেন।
এই আয়োজন সম্পর্কে উদ্যোক্তা সেলিমা বেগম বলেন,
“বর্তমানে অনলাইন শপিং ও বিপুল সংখ্যক নতুন উদ্যোক্তা আসায় বুটিক ব্যবসায় প্রতিযোগিতা অনেক বেড়েছে। তাই আমরা চেয়েছি এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে, যেখানে প্রবাসী নারী উদ্যোক্তারা সরাসরি ক্রেতাদের কাছে তাদের পণ্য তুলে ধরার সুযোগ পান এবং নিজেদের কাজের পরিচিতি বাড়াতে পারেন।”

প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি, উদ্যোক্তা চেতনা এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর তাই বলা যায় সিডনির বাঙালিদের ঈদ উৎসবের আনন্দকে আরও রঙিন করে তুলেছে এই ‘ঈদ এক্সিবিশন ২০২৬’। আগামী ঈদ এক্সিবিশন ১৫ মার্চ, রবিবার মিন্টো ইনডোর স্টেডিয়ামে সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত ।