পূরবী পারমিতা বোস
পবিত্র মাহে রমজান উপলক্ষে সিডনিতে প্রবাসী বাংলাদেশীদের সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব অস্ট্রেলিয়া এক ইফতার মাহফিল, দোয়া ও কমিউনিটি মিলনমেলার আয়োজন করেছে। রোববার (৮ মার্চ) সিডনির মিন্টোতে অবস্থিত অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার–এ অনুষ্ঠিত এ আয়োজনে অস্ট্রেলিয়ার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নেন।

রমজানের আধ্যাত্মিক আবহে অনুষ্ঠিত এই আয়োজনটি প্রবাসী বাংলাদেশীদের জন্য এক আন্তরিক সমাবেশে রূপ নেয়। বিভিন্ন পেশা ও প্রজন্মের মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে পরিচিতি, সৌহার্দ্য ও কমিউনিটি সংযোগের এক উষ্ণ পরিসর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার সভাপতি মনিরুল হক জর্জ। সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম বাবু। সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় পুরো আয়োজনটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের মেয়র কাউন্সিলর ডার্সি লাউন্ড এবং ম্যাকোয়ারি ফিল্ডস আসনের সংসদ সদস্য ও নিউ সাউথ ওয়েলস সরকারের বেটার রেগুলেশন অ্যান্ড ফেয়ার ট্রেডিং, ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড এবং ইনোভেশন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ক মন্ত্রী অনুলাক চান্ডিভং, হিউজেসের ফেডারেল এমপি ডেভিড মনক্রিফ এমপি। এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য দেন কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ এবং কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ এসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার সাবেক সভাপতি গামা আবদুল কাদির, এবং অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সভাপতি ড. আনিসুল আফসার।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক সমাজে প্রবাসী কমিউনিটির এমন উদ্যোগ পারস্পরিক সম্মান, সহযোগিতা ও সামাজিক সংযোগকে আরও শক্তিশালী করে। তারা বাংলাদেশি কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ ও ইতিবাচক ভূমিকার প্রশংসাও করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ড. মোহাম্মদ সিরাজুল হকমোঃ শফিকুল আলম আব্রাহাম লিংকন, সাবেক কাউন্সিলর শাহে জামান টিটু, একুশে মেলার সভাপতি কায়সার আহম্মেদ, আবদুল হক ওয়ালীউল ইসলাম, সাংবাদিক রহমতউল্লাহ, মোহাম্মদ আবদুল মতিন, সাংবাদিক নাঈম আব্দুল্লাহ, জন্মভূমি টিভির আবু রেজা আরেফিন, ফটো সাংবাদিক কে দে আকাশ সহ কমিউনিটির বহু নেতৃবৃন্দ ।

ইফতার মাহফিলে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু অংশগ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের জন্য ইফতারের পাশাপাশি নৈশভোজেরও ব্যবস্থা করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও কমিউনিটি বন্ধনের উষ্ণতা।

উক্ত অনুষ্ঠানে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনা করেন অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের ইমাম হাফেজ মাওলানা আবদুল হাদি তানভীর।

সকলের সহযোগিতা ও অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বাংলাদেশ এসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার সভাপতি মনিরুল হক জর্জ।
