ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা বাহরাইনে অবস্থিত মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের একটি ডেটা সেন্টারে হামলা চালিয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, সংশ্লিষ্ট ডেটা সেন্টারটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর গোয়েন্দা তথ্য সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। এ কারণেই সেটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়।
তবে আইআরজিসির এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে এখন পর্যন্ত অ্যামাজন বা বাহরাইন সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে বুধবারও একই ডেটা সেন্টারে হামলা চালানোর দাবি করেছিল আইআরজিসি।
ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যদি কোনো ঘাঁটি বা স্থাপনা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা পরিচালনা করে, তাহলে সেসব স্থাপনাকে তারা পাল্টা হামলার বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে।