চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের ফুজিয়ান প্রদেশে একটি বহুতল জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর কারখানার মালিক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) ফুজিয়ানের জিনজিয়াং শহরের ‘হুইতেং’ নামের একটি জুতা কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া।
প্রতিবেদনে বলা হয়, আগুন লাগার সময় কারখানাটিতে ২৩৯ জন শ্রমিক কাজ করছিলেন। দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে ২১৩ জনকে নিরাপদে বের করে আনা হলেও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। পরে নিখোঁজ থাকা আরও ২৬ জনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হলে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ২৮ জনে।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে ভবন থেকে বিশাল অগ্নিশিখা ও ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেক শ্রমিক ভবনের ছাদে আটকা পড়েন এবং সেখান থেকে সাহায্যের জন্য আকুতি জানান।
ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার অভিযান জোরদার এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন। সাম্প্রতিক সময়ে দেশটির বিভিন্ন শিল্পকারখানায় ঘটে যাওয়া প্রাণঘাতী দুর্ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে তিনি এ ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক বলে অভিহিত করেন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।