চৈত্রের মধ্যভাগে এসে দেশজুড়ে তাপমাত্রা দ্রুত বাড়ছে। কোথাও কোথাও তা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে। রাজধানী ঢাকাতেও গরমের তীব্রতা ক্রমেই বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে অস্বস্তি বেড়েছে।
একইসঙ্গে আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা না থাকায় ভ্যাপসা গরম আরও বাড়ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা আরও সামান্য বাড়তে পারে ফলে স্বস্তির সম্ভাবনা আপাতত কম।
শনিবার (৪ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এতে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়ে অস্বস্তি আরও বাড়াতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকাতে তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং আদ্রতা ছিল ৮৭ শতাংশ যা ভ্যাপসা অনুভূতিকে তীব্র করছে। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি।
আজ ঢাকাতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৭ মিনিটে।
এদিকে সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী বিভাগ ও খুলনা বিভাগসহ ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাঙামাটি, চাঁদপুর, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।