শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

ম্যারাডোনার মৃত্যু মামলার রায় ২২ ডিসেম্বর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৪ Time View
আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার মামলার রায় ঘোষণা হবে আগামী ২২ ডিসেম্বর। শুনানি শুরুর প্রায় ছয় মাস পর বৃহস্পতিবার রায়ের তারিখ জানিয়েছেন আদালত। ২০২০ সালে ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় সাতজন স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে আনা অবহেলার অভিযোগে বিচারপ্রক্রিয়া শেষ হয়েছে।
মামলার শুনানিতে ম্যারাডোনার মেয়ে দালমা ম্যারাডোনা ও কয়েকজন অভিযুক্ত তাদের বক্তব্য তুলে ধরেন। বাবার মৃত্যুর ঘটনায় ন্যায়বিচারের প্রত্যাশা জানিয়ে দালমা বলেন, ‘আমি আশা করি, অন্য যে কারও মতো আমার বাবা ন্যায্য বিচার পাবেন।’
মামলার প্রধান অভিযুক্ত ও ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুকুয়ে নিজেকে নির্দোষ দাবি করেছেন। তার ভাষ্য, ‘আমি নির্দোষ।’
২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে মারা যান ম্যারাডোনা। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর বুয়েনস এইরেসের কাছে তিগ্রে শহরের একটি বাড়িতে চিকিৎসা-পরবর্তী বিশ্রামে ছিলেন তিনি। সেখানেই হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ও ফুসফুসে পানি জমে তার মৃত্যু হয়।
এপ্রিলে শুরু হওয়া বিচারপ্রক্রিয়ায় ৭০ জনের বেশি সাক্ষীর বক্তব্য নেওয়া হয়। প্রসিকিউশন ছয়জন অভিযুক্তের জন্য চার থেকে ১২ বছরের কারাদণ্ড চেয়েছে। লুকুয়ের জন্য সর্বোচ্চ ১২ বছরের সাজা দাবি করা হয়েছে।
তবে বৃহস্পতিবার আদালত চিকিৎসক পেদ্রো দি স্পাগনাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন। ফলে বাকি ছয়জনের বিরুদ্ধে রায় ঘোষণা হবে ২২ ডিসেম্বর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category