বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। দেশে সাইবার হামলার আশঙ্কায় সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম বিজিডি ই-গভ সার্ট উচ্চ সতর্কতা জারির মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট বন্ধ থাকার বিষয়টি সামনে এসেছে।
ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে নির্ধারিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলার একটি বার্তা দেখা যাচ্ছে। এতে জানানো হয়েছে, সেবাটি বর্তমানে রক্ষণাবেক্ষণের আওতায় রয়েছে এবং শিগগিরই আবার চালু করা হবে।
ওয়েবসাইটে প্রদর্শিত বার্তায় বলা হয়েছে, ‘আমাদের সেবাটি বর্তমানে নির্ধারিত রক্ষণাবেক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা শিগগিরই অনলাইনে ফিরে আসব। ধৈর্য ধরার জন্য ধন্যবাদ।’
এদিকে, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন, জরুরি নিরাপত্তাজনিত সমস্যার কারণে ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়েছে।
তবে ঠিক কী ধরনের নিরাপত্তা সমস্যা দেখা দিয়েছে, কখন থেকে ওয়েবসাইটটি বন্ধ রয়েছে এবং এটি পুরোপুরি সচল হতে কত সময় লাগতে পারে—এসব বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে, ওয়েবসাইটে প্রবেশের সময় কম্পিউটারের অপারেটিং সিস্টেমের সংস্করণসংক্রান্ত একটি বার্তাও দেখা যাচ্ছে। সেখানে বলা হয়েছে, ওয়েবসাইটটি ব্যবহারের জন্য উইন্ডোজ ১০ বা এর পরবর্তী সংস্করণ প্রয়োজন। কিন্তু সংশ্লিষ্ট কম্পিউটারে উইন্ডোজ ৭ ব্যবহৃত হচ্ছে বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।
তবে অপারেটিং সিস্টেমসংক্রান্ত এই বার্তার সঙ্গে ওয়েবসাইট বন্ধ থাকার নিরাপত্তাজনিত সমস্যার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।