ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রুশ সশস্ত্র বাহিনীতে যোগ দেওয়া ২২৭ ভারতীয় নাগরিকের মধ্যে এ পর্যন্ত ৫১ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৩৯ জন ইতোমধ্যে রুশ সেনাবাহিনী থেকে অব্যাহতি পেয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কিরগিজস্তান সফর উপলক্ষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ব্রিফিংয়ে রুশ সেনাবাহিনীতে থাকা ভারতীয়দের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এসব তথ্য জানান।
মিশ্রী বলেন, রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়া ভারতীয়দের বিষয়টি নিয়ে ভারত ও রাশিয়ার মধ্যে বিভিন্ন পর্যায়ে একাধিকবার আলোচনা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২২৭ জন ভারতীয় নাগরিক রুশ বাহিনীতে যোগ দিয়েছেন।
রুশ সেনাবাহিনী থেকে অব্যাহতি পাওয়া ১৩৯ জনের পাশাপাশি আরও ৫১ জনের মৃত্যুর তথ্য ভারতের কাছে রয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব।
তিনি বলেন, ‘সর্বশেষ গণনা অনুযায়ী, আমাদের কাছে ২২৭ জন ভারতীয় নাগরিকের রুশ সেনাবাহিনীতে যোগ দেয়ার তথ্য রয়েছে। এর মধ্যে ১৩৯ জন নাগরিক সেনাবাহিনী থেকে অব্যাহতি পেয়েছেন এবং দুর্ভাগ্যবশত আমাদের কাছে এ পর্যন্ত ৫১ জনের মৃত্যুর খবরও রয়েছে।’
রুশ বাহিনীতে এখনও কর্মরত ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে মস্কোর সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে নয়াদিল্লি।
মিশ্রী বলেন, ‘মস্কোতে অবস্থিত আমাদের দূতাবাস এই ভারতীয় নাগরিকদের মুক্তি এবং দেশে ফিরিয়ে আনার বিষয়ে পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে এবং আমরা রুশ পক্ষের সাথে আলোচনা করছি যাতে অবশিষ্ট মামলাগুলো যত তাড়াতাড়ি সম্ভব নিষ্পত্তি করা হয়। আমরা এই ব্যক্তিদের যত দ্রুত সম্ভব তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে চাই।’